আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম আরো এক দফা বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার।
কারওয়ানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।
এ নিয়ে চলতি বছরই তৃতীয় দফা পাইকারি বিদ্যুতের দাম বাড়ছে।
কমিশনের সদস্য সেলিম মাহমুদ বলেন, “পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম বাড়ছে। ইতোমধ্যে এ ব্যাপারে সব প্রক্রিয়াও শেষ হয়েছে।”
তবে দাম কত শতাংশ বাড়ানো হচ্ছে- তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
গত ১৩ নভেম্বর বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো নিয়ে গণশুনানি হয়। এরপর ১৮ সেপ্টেম্বর গড়ে ১৫ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবির প্রস্তাব অনুযায়ী চলতি বছর আরো দুই বার বিদ্যুতের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
প্রথম দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৩৭ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়। এই দাম কার্যকর হয় ১ ফেব্র“য়ারি।
দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ টাকা ৮১ পয়সা। এই দাম কার্যকর করা হয় ১ অগাস্ট থেকে।
পিডিবির প্রস্তাব
পাইকারি দাম বৃদ্ধির বিষয়ে পিডিবির প্রস্তাবে বলা হয়, একক ক্রেতা হিসেবে পিডিবি ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে। তারপর পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে সাধারণ গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে এই বিদ্যুৎ বিক্রি করা হয়।
প্রস্তাবে বলা হয়, ২০০৯-১০ অর্থবছরে ইউনিট প্রতি বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় ছিলো দুই টাকা ৬২ পয়সা। ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে চার টাকা ১৫ পয়সা হয়। আর চলতি অর্থবছরে এ ব্যয় আরো বেড়ে ইউনিট প্রতি চার টাকা ৮৬ পয়সায় দাঁড়াবে। অথচ এর বিপরীতে ইউনিট প্রতি গড় বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে দুই টাকা ৮১ পয়সা। অর্থাৎ ইউনিট প্রতি ঘাটতি থাকছে দুই টাকা পাঁচ পয়সা।
এই ঘাটতি পূরণে চলতি অর্থবছরে পাইকারি বিদ্যুতের দাম ৭২ শতাংশ বাড়ানো প্রয়োজন বলে পিডিবির প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। তবে একসঙ্গে ৭২ শতাংশের মতো দাম বাড়ানো হলে গ্রাহক পর্যায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে চার ধাপে বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবি।
পিডিবি বলেছে, চলতি বছরের নভেম্বরে প্রথম ধাপে দুই টাকা ৮১ পয়সা থেকে তিন টাকা ২৪ পয়সা, আগামী বছরের ফেব্র“য়ারিতে দ্বিতীয় ধাপে তিন টাকা ২৪ পয়সা থেকে তিন টাকা ৭২ পয়সা, জুলাইয়ে তৃতীয় ধাপে তিন টাকা ৭২ পয়সা থেকে চার টাকা ২৮ পয়সা এবং চতুর্থ ধাপে ২০১৩ সালের জানুয়ারিতে চার টাকা ২৮ পয়সা থেকে চার টাকা ৯৩ পয়সা করা যেতে পারে।
সে হিসাবে প্রতিধাপেই প্রায় ১৫ শতাংশ করে দাম বাড়ানোর কথা বলেছে প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৫৪৯ ঘ.
bdnews24