২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত এ মাসেই

বিতরণকারী বিভিন্ন কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানির পর এ কথা জানালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বিদ্যুৎ বিতরণকারী সব সংস্থার গণশুনানি শেষ হয়েছে। চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গণশুনানি শেষে এ কথা বলেন তিনি। ইউসুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশের সব গ্রাহকের একই ধরনের সেবা পাওয়া উচিত। তেমনি দাম নির্ধারণের ক্ষেত্রেও এর তারতম্য থাকাটা যুক্তিযুক্ত নয়। তাই এবার সব বিতরণকারী সংস্থাগুলোর বিদ্যুৎ বিক্রয়ে একই ধরনের দাম নির্ধারণ করে দেওয়া হবে।” “ইতোমধ্যে পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই তা ঘোষণা করা হবে। গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণের ক্ষেত্রে পাইকারি এ দামের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে,” বলেন তিনি। গত ৯ জুন ডিপিডিসি নিন্ত্রয়ক সংস্থা বিইআরসির কাছে বিদ্যুতের দাম গড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়। ওই প্রস্তাব বিবেচনায় নিয়ে গত ৫ অক্টোবর উম্মুক্ত সভা হয়। সভা শেষে বিইআরসি গণশুনানির দিন ঠিক করে। এর আগে গত ২৭ এপ্রিল বিতরণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ১০ নভেম্বর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), ১৪ নভেম্বর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং ১৭ নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গণশুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে আরইবি গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ, ওজোপাডিকো ১৮ দশমিক ৯৯ শতাংশ, ডেসকো ২১ দশমিক ৯৪ শতাংশ এবং পিডিবি ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়। সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জও বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ডিপিডিসি। দাম বাড়ানোর প্রস্তাবকারী প্রতিষ্ঠান ডিপিডিসি বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা মহানগরীর তেজগাঁও, ধানমণ্ডি, লালমাটিয়া, শাহবাগ, শ্যামলী, যাত্রাবাড়ী, কমলাপুর, পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাহকসেবা উন্নত করতে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো প্রয়োজন। এ কারণে গড়ে ১১ দশমিক ৯৩ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।” গণশুনানিতে বিইআরসির আবেদন মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও পরিচালক (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন করতে হবে। ডিপিডিসির বিদ্যমান গ্রাহক শ্রেণীতে অতি উচ্চ চাপ (১৩২ কেভি) ব্যবহারে সাধারণ গ্রাহকদের জন্য কোনো শ্রেণী নেই। এজন্য এ ধরনের একটি গ্রাহক শ্রেণী সৃষ্টি করা যেতে পারে। ডিপিডিসির প্রস্তাবে বিদ্যুতের দাম ৫ দশমিক ১ শতাংশ বাড়ানো যেতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি। এছাড়া নির্ধারিত তারিখের পর বিল পরিশোধের জন্য গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে বকেয়ার বিপরীতে ২ শতাংশ সরল সুদ হারে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত সারচার্জ আদায়ের কথা বলা হয়েছে কমিটির সুপারিশে। ভোক্তাদের পক্ষে ক্যাবের বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, “অযৌক্তিক ও সামঞ্জস্যহীনভাবে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।” দাম বাড়ানোর সময় বিইআরসি বিতরণকারী সংস্থাগুলোকে সেবার মান বাড়ানোর তাগিদ দিলেও কার্যত তা কাজে আসে না বলে মন্তব্য করেন তিনি। গ্রাহকরা যাতে যথাযথ সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে বিইআরসিকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান শামসুল আলম। সর্বশেষ গত ৮ ফেব্র“য়ারি গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম ‘অর্ন্তর্বতী’ সময়ের জন্য গড়ে চার টাকা থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। ১ ফেব্র“য়ারি থেকে এ দাম কার্যকর হয়। তখন বলা হয়েছিলো- আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হবে না। ডিপিডিসির প্রস্তাব আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৭৫ পয়সা করতে বলেছে ডিপিডিসি। একইভাবে ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত দাম ৩ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৮৭ পয়সা, ৪০১ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাণিজ্যিক, দাতব্য প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও বৃহৎ শিল্প এবং রাস্তার বাতির জন্য দাম বাড়ানোরও প্রস্তাব দিয়েছে পিডিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০৩৫ ঘ.