২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউতে পাকিস্তানের শুল্কমুক্ত সুবিধার বিপক্ষে বিজিএমইএ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাকিস্তানের শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধার আবেদনে আপত্তি জানিয়েছে বাংলাদেশের প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাকিস্তানের শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধার আবেদনে আপত্তি জানিয়েছে বাংলাদেশের প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজএমইএ। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেনর (বিজিএমইএ) সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন মঙ্গলবার বলেন, “পাকিস্তানকে শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধা দেওয়া হলে তা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশের প্রতি সুবিচার করা হবে না।” “পাকিস্তানের এই সুবিধা প্রত্যাশা করার কোনো যৌক্তিক ভিত্তি নেই।” মন্তব্য করে বিজএমইএ সভাপতি বলেন, “তার কারণ, পাকিস্তান স্বল্পোন্নত নয়, উন্নয়নশীল দেশ।” বিজিএমই ভবনে ‘অ্যামাজিং পিপল অব বাংলাদেশ’ শিরোনামের এক প্রামাণ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ২০১০ সালে দেশব্যাপী বন্যা ও প্রাকৃতিক দুর্যোগকে কারণ হিসেবে প্রদর্শন করে ইউরোপীয় দেশগুলোতে পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে পাকিস্তান। এই তালিকায় তৈরি পোশাক বা গার্মেন্ট পণ্যসহ ৭৫টি পণ্য অন্তর্ভুক্ত করেছে দেশটি। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো আপদকালীন পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ের জন্য কোনো দেশকে আর্র্ন্তজাতিক বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া যেতে পারে। তবে এই সুবিধা শুধুমাত্র এলডিসি বা স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। স্বল্পোন্নত দেশের তালিকার বাইরে থাকা পাকিস্তানের এ আবেদন বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। অনুষ্ঠানে বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত এইচ ই হোলগার মিখায়েল উপস্থিত ছিলেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের প্রশংসা করে জার্মান রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভাল। আমরা কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনীতি, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং সে আলোচনা সফল হয়েছে।” বাংলাদেশ ও জার্মানির উদ্যোক্তারা একসঙ্গে কাজ করলে দুই দেশের অর্থনীতিই এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি গার্মেন্ট পণ্যের নতুন বাজার অনুসন্ধানে জার্মানির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ‘অ্যামিজিং পিপল অব বাংলাদেশ’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন বিজিএমইএ’র সহ-সভাপতি ফারুক হাসান। ল্যাটিন আমেরিকা, জাপান, হংকং, পর্তুগাল এবং পূর্ব ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি গার্মেন্ট পণ্যের বাজার সৃষ্টি এবং বাংলাদেশের ব্র্যান্ডিং এ প্রামাণ্যচিত্রের এর মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন বিজিএমই এর সভাপতি। প্রামাণ্যচিত্র সম্পর্কে জার্মান রাষ্ট্রদূত বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বাস্তব চিত্র উঠে এসেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল ইসলাম, একই সংগঠনের কার্যকরী পরিচালক ডানিয়েল সাইডাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২১০৯ ঘ.