২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল কেনা নিয়ে দ্বিধায় সরকার

অভ্যন্তরীণ বাজার থেকে চাল কেনা হবে কি না, এক দফা আলোচনা করে সে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। বাজার পর্যবেক্ষণের পর এ জন্য আবার বসবে খাদ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বাজার থেকে চাল কেনা হবে কি না, এক দফা আলোচনা করে সে সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। বাজার পর্যবেক্ষণের পর এ জন্য আবার বসবে খাদ্য মন্ত্রণালয়। অভ্যন্তরীণ বাজার থেকে আমন সংগ্রহ ও মজুদ করা নিয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক হয়। বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি বলে কর্মকর্তারা জানান। তারা বলেন, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই কমিটি এ সিদ্ধান্ত চূড়ান্ত করবে। এ সময়ে কমিটি আবার বৈঠকে বসবে বলে জানিয়েছেন কমিটির প্রধান খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি সাংবাদিকদের বলেন, মৌসুমের শুরুতে চালের মূল্য কিছুটা কম থাকলেও বর্তমানে বাজারে চালের দাম কিছুটা বাড়তে শুরু করেছে। অন্যদিকে সরকারের গুদামে এ মুহূর্তে খাদ্যশস্যের মজুদও রয়েছে প্রায় ১৫ লাখ মেট্রিক টন। এ অবস্থায় গুদামে নতুন করে চাল ঢোকানোও সম্ভব হবে না। “তাই কমিটির সভায় বাজার পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনা করে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন মন্ত্রী। তিনি জানান, কমিটি সভায় অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহ করার জন্য উৎপাদন মূল্য পর্যালোচনা করেছে। এতে দেখা যায়, ধান উৎপাদনে ১৬ টাকা ৮৭ পয়সা এবং চাল উৎপাদনে ২৪ টাকা ৭৫ পয়সা ব্যয় হয়েছে। রাজ্জাক বলেন, “এ অবস্থায় সরকার যদি কেনে, তবে ২৯ টাকার কমমূল্যে চাল কিনতে পারে। এতে কৃষকরা উৎপাদন ব্যয় উঠিয়েও কিছু লাভ পাবে।” কমিটির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪৫৩ ঘ.