ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
এ প্রস্তাব গৃহীত হলে অনেক উদ্যোক্তা পরিচালককে আগামী ছয় মাসের মধ্যে বর্তমান বাজার মূল্যে আরো শেয়ার কিনতে হবে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সভায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে এ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়।
ডিএসই ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বেশ কয়েকটি বড় কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে। এর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ইত্যাদি।
বেক্সিমকো লিমিটেডে উদ্যোক্তাদের শেয়ারের পরিমাণ ১৩ দশমিক ২ শতাংশ, বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের শেয়ার রয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ।
উত্তরা ব্যাংকের শেয়ারের ৮ দশমিক ১৩, সিটি ব্যাংকের ১২ দশমিক ৮৮ এবং আরব বাংলাদেশ ব্যাংকের ১৩ দশমিক ৯ শতাংশ উদ্যোক্তাদের হাতে রয়েছে। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের ২৮ দশমিক ১৮, ন্যাশনাল ব্যাংকের ২৯ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তাদের হাতে।
বৈঠকে ডিএসইর নিরীক্ষা ও ডিমিউচুয়ালাইজেশন কমিটি ছাড়া বাকি সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন শাকিল রিজভী।
ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, “সব তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে সব সময় নিজ নিজ কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ করতে হবে।”
“যে সব কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের শেয়ারের পরিমাণ বর্তমানে ৩০ শতাংশের কম রয়েছে তাদের আগামী তিন মাসের মধ্যে ১৫ শতাংশে এবং ছয় মাসের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করতে হবে,” বলেন তিনি।
ডিএসইর প্রস্তাবে বলা হয়েছে, উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার পাবলিক মার্কেটের পরিবর্তে কেবল ব্লক মার্কেটে বিক্রি করা যাবে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে যিনি ৫ শতাংশ বা তার অধিক শেয়ার সংরক্ষণ বা সংগ্রহ করবেন তিনি ওই কোম্পানির এক জন পরিচালক হিসেবে যোগ্য হবেন। প্রত্যেক কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্য থেকে অন্তত একজন পরিচালক মনোনীত হবেন।
“ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে যেসব কোম্পানি আগে শেয়ার বিক্রি করেছে এবং বর্তমানে ওই সব কোম্পানির শেয়ারের মূল্য ইস্যু প্রাইসের নিচে চলে এসেছে, অনতিবিলম্বে ওইসব কোম্পানি শেয়ার কিনবে।”
ব্যাংকগুলোর নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ সীমা নির্ধারণের ক্ষেত্রে শেয়ারের বাজার মূল্য অথবা ক্রয়মূল্যের মধ্যে যেটি কম সেটি বিবেচনায় নেওয়ার প্রস্তাব রেখেছে ডিএসই। বর্তমানে যেটি বেশি সেটি বিবেচনায় নেওয়া হয়।
ডিএসই সভাপতি বলেন, “যে সব কোম্পানি এসইসির অনুমোদন নিয়ে প্লেসমেন্টের মাধ্যমে পুঁজি বাড়িয়েছে, ওইসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগামী ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু সমাধান করতে হবে।”
এসব প্রস্তাব অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এআরএইচ/এমআই/২২০০ ঘ.
bdnews24