ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, মন্ত্রী-এমপিদের করমুক্ত গাড়ি আমদানি তিনি নীতিগতভাবে সমর্থন করেন না।
সোমবার এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পার্লামেন্টের সদস্যদের এমন কোনো সুবিধা ভোগ করা উচিত নয় যা জনগণ এবং জাতীয় স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলে।”
কর সরকারের মূল আর্থিক চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করে ডেপুটি স্পিকার বলেন, “বৈদেশিক সাহায্য, অনুদান, ঋণ প্রভৃতি কখনো সরকারের আয়ের প্রধান উৎস হওয়া উচিত নয়।”
অনেক ক্ষেত্রে বৈদেশিক সাহায্য সরকারকে তার প্রকৃত ভূমিকা পালন করতে বাধা দেয় বলেও মন্তব্য করেন তিনি।
স¤প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের করের আওতায় আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
তবে সাংসদদের বিদেশ থেকে বিনাশুল্কে গাড়ি এবং অন্যান্য ব্যবহার্য দ্রব্য আনা বিষয়ক আইনটির পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
কর আরোপ যৌক্তিক হতে হবে মন্তব্য করে ডেপুটি স্পিকার বলেন, “যাদের কর দেওয়ার ক্ষমতা রয়েছে, তাদেরই কর দিতে হবে। দরিদ্র মানুষের উপর করের বোঝা চাপানো উচিত নয়।”
সেমিনারে প্রধান আলোচক তত্ত্বাবদায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে তিনটি প্রস্তাব উত্থাপন করেন।
এগুলো হলো কর ব্যবস্থাপনার উন্নয়ন, সরকার কর্তৃক নিত্য ব্যবহার্য দ্রব্যাদির মূল্য নির্ধারণ এবং অত্যাবশ্যকীয় দ্রব্য এবং সেবা খাতে ভর্তুকি দেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ট্যাক্স গভর্নেন্স এ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক এবং সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২১২৪ ঘ.
bdnews24