২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ ফোনের কার্যক্রমে বাধা নয়’

দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের কার্যক্রম পরিচালনায় বাধা না দেওয়ার বিষয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 06:07 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের কার্যক্রম পরিচালনায় বাধা না দেওয়ার বিষয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে স্পেক্ট্রাম ফি ও ভ্যাট নিয়ে গ্রামীণ ফোনের আবেদনে হাইকোর্টের দেওয়া রুলের বিষয়টি ১৪ ডিসেম্বরের মধ্যে নিস্পত্তি করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ সোমবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) লিভ টু আপিল নিস্পত্তি করে এই আদেশ দেন। আদেশের পর গ্রামীণফোনের আইনজীবী মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, “আদালতের আজকের আদেশ অনুযায়ী গ্রামীণ ফোন কোনো বাধা ছাড়াই কার্যক্রম চালাতে পারবে।” গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া স্পেক্ট্রামের জন্য আরো ৩৮৪ কোটি টাকা দাবি করে বিটিআরসি। এ টাকা দিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে যায় গ্রামীণ ফোন। প্রতিষ্ঠানটির দাবি, বিটিআরসির চিঠিতে ২৩৬ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। গ্রামীণ ফোনের রিট আবেদনে গত ২৬ অক্টোবর বিটিআরসির ওই চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। ওই চিঠির অংশবিশেষ কেন অবৈধ ঘোষণা করা হকেব না- এক রুলে তাও জানতে চায় আদালত। বিটিআরসি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চাইলে ১ নভেম্বর বিব্রত বোধ করেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন নিয়মিত চেম্বার বিচারপতি। এরপর ৩ নভেম্বর অবকাশকালীন চেম্বার বিচারপতি তিন দফা নির্দেশনা দেন। এতে স্পেক্ট্রাম ফি ও ভ্যাটের বিষয়ে স্থিতাবস্থা জারির পাশাপাশি গ্রামীণফোনের কার্যক্রমে হস্তক্ষেপ না করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে জানানো হয়, গ্রামীণফোনের লাইসেন্স নবায়নের বিষয়টি আদালতের মাধ্যমেই নির্ধারিত হবে। পরে বিটিআরসিও জানায়, আদালতের নির্দেশনা পাওয়ার পরই তারা টু-জি লাইসেন্স নবায়ন করবে। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব। গ্রামীণফোনের পক্ষে ছিলেন, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট আনিসুল হক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। আদেশের পর রেজা ই রাকিব সাংবাদিকদের বলেন, লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি সংক্রান্ত বিষয়ে চেম্বার বিচারপতির আদেশ বহাল আছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২১৫ ঘ.