২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালদা নতুন কূপের গ্যাস সরবরাহ ডিসেম্বরে

ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের নতুন খনন করা তৃতীয় কূপ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের নতুন খনন করা তৃতীয় কূপ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি মাসেই নতুন এ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে- এমন খবর গণমাধ্যমে প্রকাশ হলেও বাস্তবে কূপের উন্নয়ন কাজ শেষ হতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।” “উন্নয়নের কাজ শেষ হলে এ কূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা যাবে”, বলেন তিনি। এদিকে নতুন এ কূপ থেকে পাওয়া গ্যাস চট্টগ্রামে না দিয়ে কসবা উপজেলায় সরবরাহ করার দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এই গ্যাসক্ষেত্রে গত জুলাই মাসে নতুন কূপ খনন শুরু করে রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান বাপেক্স। স¤প্রতি সালদা পরিদর্শন করে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর জানান, সালদা গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে। এর প্রতিবাদ জানাতে এবং গ্যাস দেওয়ার দাবিতে রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কসব পৌর এলাকায় মানববন্ধন করে ‘গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটি’। এ সময় শহরের প্রায় সব দোকান বন্ধ ছিল। গাছের গুড়ি ফেলে কসবা- ব্রাহ্মণবাড়িয়া সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সার্বিক চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে জাতীয় গ্রিডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতেই সালদার গ্যাস সরবরাহ করা হবে। এই মুহূর্তে আন্দোলনকারীদের দাবি বিবেচনা করার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কসবায় গ্যাস সংযোগ না দিয়ে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের কাজ চলছে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) আওতায়। নতুন এ কূপ থেকে উৎপাদন শুরু হলে দেশে চালু কূপের সংখ্যা দাঁড়াবে ৮০টি। সালদা গ্যাস ক্ষেত্রের দুটি কূপ থেকে বর্তমানে দৈনিক প্রায় ৬০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। বর্তমানে দেশে ২৪টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে রয়েছে ১৭টি। গত ১২ থেকে ১৫ নভেম্বর সালদার তৃতীয় কূপে ড্রিলিং স্টিম টেস্ট-ডিএসটি (গ্যাসস্তরে কতটুকু গ্যাস আছে এবং দৈনিক কি পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা নির্ণয়ের পরীক্ষা) হয়েছে জানিয়ে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “এ পরীক্ষা চালানোর পর কমপক্ষে এক মাস সময় লাগে পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে। এছাড়া এ কূপের রিগ (খননযন্ত্র) না সরিয়ে নেওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ করা যাবে না।” এ কূপে দুই হাজার ৩৫৯ মিটার থেকে দুই হাজার ৩৮২ মিটার গভীরতায় দুটি আলাদা গ্যাসস্তর পাওয়া গেছে বলেও জানান তিনি। সাহাবুদ্দিন বলেন, “এ প্রকল্পের আওতায় সিলেটের ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রেও নতুন একটি কূপ খননের (চতুর্থ কূপ) কাজ চলছে। এ কূপে চলতি মাসের শেষ সপ্তাহে ড্রিলিং স্টিম টেস্ট করা হবে।” ফেঞ্চুগঞ্জের নতুন ওই কূপ থেকে দৈনিক সাড়ে তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেমুতাং গ্যাস ক্ষেত্রের পাঁচ নম্বর কূপ থেকেও দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে বলে জানান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক। তিনি জানান, সেমুতাং থেকে উত্তোলিত গ্যাস চট্টগ্রামে এবং ফেঞ্চুগঞ্জের গ্যাস সিলেটে সরবরাহ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮১৯ ঘ.