ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যাংক ঋণ নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঋণের অর্থ জনকল্যাণেই কাজে লাগানো হচ্ছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, "ধার করে সরকার ঘি খাচ্ছে না। ধার করে জনগণের জন্য কাজ করছে। এতে হতাশ হওয়ার কিছু নেই।"
"খাদ্য কেনা, বিদ্যুৎ উৎপাদন, গ্যাস উত্তোলন বাড়ানোর কাজসহ জনগণের কল্যাণে সরকার নানামুখী কাজ করে চলেছে। এত কাজ করতে গেলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই।"
চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ নিয়ে অর্থনীতিবিদরা সমালোচনা করে আসছেন। সমালোচনা করছে প্রধান বিরোধী দলও। তবে সরকার বলে আসছে, এটি 'চিন্তিত' হওয়ার মতো কিছু নয়।
শেখ হাসিনা বলেন, "বলা হচ্ছে- দেশের অর্থনীতির অবস্থা খারাপ। টাকা নেই, টাকা নেই বলে হাহাকার করা হচ্ছে। কিন্তু কীসের টাকা নেই? চালাতে পারলে ঠিকই চালানো যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দেশে কোনো রিজার্ভ মানি ছিলো না। তখন কি দেশ চলেনি? রিজার্ভ মানি রাখা হয়, যাতে প্রয়োজন হলে খাদ্য আমদানি করা যায়। যেহেতু প্রচুর খাদ্য রিজার্ভ আছে, সেহেতু দুশ্চিন্তার কারণ নেই।"
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। মন্দার জন্য বিশ্ব এগিয়ে যেতে না পারলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাথাপিছু গড় আয় ৮২৮ ডলারে উন্নীত হয়েছে।
বিগত সরকারের রেখে যাওয়া নানা সমস্যা থেকে উত্তরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
হাসিনা বলেন, "বাংলাদেশ যখন ডুবতে বসে, তখনই আওয়ামী লীগ ক্ষমতা পায় বাংলাদেশকে টেনে নিয়ে যেতে, এটা বাস্তবতা। জনগণের সঙ্গে আওয়ামী লীগের এই যোগসূত্র চলে আসছে সবসময়।"
পেশাজীবীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রীর এ বক্তব্যের আগে সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24