২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা অর্থনীতিকে নিচে নামাতে চাইছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী অর্থনীতি 'ভালো আছে' বলার পরদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'কিছু' অর্থনীতিবিদ ও প্রচারমাধ্যম অর্থনীতিকে নিচে নামাতে চাইছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক ব্যবস্থাপনা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, "কিছু অর্থনীতিবিদ ও মিডিয়া অর্থনীতিকে নিচে নামাতে চাইছে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো বলে দাবি করার পরদিন এ কথা বললেন মুহিত। রোববার সচিবালয়ে আর্থিক ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। অর্থনীতির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, "অর্থনীতিতে এখন দুটি চ্যালেঞ্জ। একটি হচ্ছে ভর্তুকি, আর আরেকটি লেনদেনের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট)।" ভর্তুকি নিয়ে অর্থনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, "আমাদের অর্থনীতিবিদরা একবার বলে ভর্তুকি কমাতে হবে। আবার তেলের দাম বাড়ালে তারা সমালোচনা করে। তারা যে কী চায় আমি বুঝি না।" ভর্তুকি তুলে নেওয়া হবে কি না- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "অবশ্যই ভর্তুকি তুলে নেওয়া হবে। আমরা (সরকার) ভর্তুকি ক্রমান্বয়ে কমিয়ে আনার উদ্যোগ নিয়েছি। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনা হচ্ছে। জ্বালানি তেলে হয়তো সম্ভব হবে না। এটা দেখতে হবে।" দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আগের বক্তব্যে স্থির আছেন মন্তব্য করে মুহিত বলেন, "আমার বিবেচনায় দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে।" এরপর তিনি বলেন, "কিছু অর্থনীতিবিদ ও সংবাদ মাধ্যম আমার মনে হয় আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্যে) ঠিক করে ফেলেছেন দেশের অর্থনীতিকে নিচের দিকে নামাবেন।" অর্থনীতির সংকট নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা সব তার 'প্রত্যেকটি কথা' তার বাজেট বক্তৃতা থেকে নেওয়া বলে দাবি করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "অর্থনীতিতে কিছু ঝুঁকি আছে, যে ঝুঁকির কথা আমি বাজেট বক্তৃতায় উল্লেখ করেছিলাম। ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের একটি প্রতিবেদনে ৩০টি ঝুঁকির কথা বলেছে। তার মধ্যে ২৬টিই আমার নিজের। বাকি ৪টি তাদের নিজের। এর মধ্যে একটি ছিল অর্থবছর পরিবর্তন। সেটা কোনোভাবেই সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৪৩৬ ঘ.