২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার পদক্ষেপ নিয়ে বৈঠক সন্ধ্যায়

পুঁজিবাজারে স্থিতিশীলতা আনা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের 'ক্ষতি' পোষানোর পদক্ষেপ এ বৈঠকে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের 'ক্ষতি' পোষানোর পদক্ষেপগুলো রোববার সন্ধ্যায় এক বৈঠকে চূড়ান্ত হবে। সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "সন্ধ্যায় বৈঠক শেষে ঘোষণা আসতে পারে। তা না হলে আগামীকাল (সোমবার) অবশ্যই ঘোষণা আসবে।" ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি 'কিছুটা হলেও' পুষিয়ে দিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অর্থমন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এনইসি-২ সম্মেলন কক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থমন্ত্রীর সভাপতিত্বে সভাটি হবে। বুধবার পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে স্থিতিশীলতা ও ক্ষতি পোষানোর পদক্ষেপ নিয়ে কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী। টানা কয়েকদিনের দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর বুধবার বাজার সংশ্লিষ্ট ২০ জনেরও বেশি কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে থেকে প্রধানমন্ত্রীর 'পুঁজিবাজারের জন্য যা যা প্রয়োজন' তা করার ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধি দল। বৈঠকের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, "সব পজিটিভ।" প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পর পুঁজিবাজারে লেনদেনে ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। গত বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে বাড়ে ১৭৯ পয়েন্ট। বৈঠকে থাকছেন যারা অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব মোহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পূবালি ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, স্ট্যান্ডার্ড ব্যাংক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভাপতি কে মাহমুদ সাত্তার, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শেফায়েত উল্লাহ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, সিডিবিএল'র ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে থাকবেন। এছাড়া এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন, এসইসির চার সদস্য হেলালউদ্দিন নিজামী, আমজাদ হোসেন, এ সালাম সিকদার ও আরিফ খান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ এবং দুই স্টক এক্সচেঞ্জের দুই জন করে পরিচালকও অংশ নেবেন বৈঠকে। পুঁজিবাজার বিষয়ক উপদেষ্টা পরিষদের আহ্বায়ক বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর মো. ফরাসউদ্দিন এবং দুই সদস্য এসইসির সাবেক সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকী ও আইনজীবী আনিসুল হকও বৈঠকে থাকছেন। উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বৈঠকে সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি পাঠানো হয়েছে বলে নোটিসে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআইটি/এফএফ/এসইউ/পিডি/১৪০৮ ঘ.