২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনা মতোই কাজ হচ্ছে: এসইসি

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় পুঁজিবাজার স্থিতিশীল করার পরিকল্পনা সঠিকভাবেই এগোচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় পুঁজিবাজার স্থিতিশীল করার পরিকল্পনা সঠিকভাবেই এগোচ্ছে। শুক্রবার দুপরে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের এক বৈঠকের পর এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব পজিটিভ।" তবে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি। টানা কয়েকদিনের দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী গত বুধবার রাতে তার সরকারি বাসভবন গণভবনে জরুরি বৈঠক ডাকেন। প্রায় চার ঘণ্টার ওই বৈঠক শেষে এসইসির সদস্য আরিফ খান সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, পুঁজিবাজারের জন্য যা যা করা দরকার, তা করা হবে।" ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা বিবেচনায় রেখে দু-এক দিনের মধ্যে তিন মেয়াদের পরিকল্পনা ঘোষণা করা হবে বলেও সে সময় জানান তিনি। ওই বৈঠকের ধারাবাহিকতায় শুক্রবার অর্থমন্ত্রণালয়ে বৈঠকে বসেন এসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা। বৈঠক শেষে এসইসি চেয়ারম্যান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা যেসব বিষয়ে ব্রিফিং করেছিলাম, সেসব বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা বসেছিলাম।" বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি শুধু বলেন, সব ইতিবাচকভাবেই এগোচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৫০১ ঘ.