ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় অস্থিরতার সময় সেখান থেকে ফিরে আসা বাংলাদেশি র্র্কমীদের সীমিত আকারে পুনঃনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
কোরিয়ান কোম্পানি 'দাইয়ু ই অ্যান্ড সি', ইতালিয়ান কোম্পানি 'বোনাত্তাই' এবং লিবিয়ান কোম্পানি 'ইলিপেও'-সহ কয়েকটি বড় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে তাদের পুরনো কর্মীদের কাজে নিতে শুরু করেছে।
গত ২৭ অক্টোবর থেকে দূতাবাস বাংলাদেশি কর্মীদের পুনঃনিয়োগের 'চাহিদাপত্র' সত্যায়ন শুরু করে। ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত একশ জন বাংলাদেশি কর্মী আবারো লিবিয়া পৌঁছেছেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আহসান কিবরিয়া সিদ্দিক মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানান।
গত ফেব্র"য়ারি থেকে টানা আন্দোলনের মুখে গত ২৩ অগাস্ট রাজধানী ত্রিপোলির পতনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ৪২ বছর ধরে লিবিয়ার ক্ষমতায় থাকা গাদ্দাফি। গত ২০ অক্টোবর তিনি বিদ্রোহীদের হাতে নিহত হন।
আন্দোলন শুরুর পর অস্থিরতার মধ্যে সেখানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি কর্মীর মধ্যে ৩৫ হাজারের বেশি দেশে ফিরে আসে।
প্রতিবেদনে শ্রম সচিব সম্ভাবনাময় এ শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হওয়ার আগেই সুযোগ সন্ধানী ও মুনাফালোভী দালালদের মাধ্যমে আবারো অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের অভিযোগও করেন।
এ ব্যবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে লিবিয়ায় কর্মী পাঠানো বন্ধের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বলেন, "দূতাবাসের সুপারিশগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশটিতে ফিরে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের আবারো যাওয়া নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে। কোনোভাবেই অবৈধ পন্থায় কাউকে সেখানে যেতে দেওয়া হবে না।"
লিবিয়া থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, "দূতাবাসের পক্ষ থেকে ফেরৎ আসা কর্মীদের পুনঃনিয়োগের ব্যাপারে ২০ কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে লিবিয়ায় কোরীয়, তুরস্ক ও ইতালি দূতাবাস কর্মকর্তাদের সঙ্গেও।"
তারা ফের কর্মী নিয়োগে বাংলাদেশকে আশ্বস্ত করার পাশাপাশি বিদ্যমান বাস্তবতায় তাদের কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, "লিবিয়ায় এ মুহূর্তে বিদেশি চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী এবং বিদ্যুৎ ও পানি সরবরাহকর্মী নিয়োগের কোনো বিকল্প নেই। এ কাজের জন্য তাদের প্রচুর কর্মী প্রয়োজন। আর কর্মী হিসেবে তারা বাংলাদেশিদের নিতে আগ্রহী।"
"তবে এজন্য অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ ও বৈধ করতে হবে। এতে বাংলাদেশি কর্মীদের প্রতি দেশটির নতুন সরকারের আস্থা বাড়বে।"
প্রতিবেদনে লিবিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, কোম্পানির যুদ্ধকালীন ক্ষতিপূরণ, নতুন বিনিয়োগ ও তেল ক্ষেত্রগুলোর প্রকল্পে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ তুলে করে বলা হয়, "যুদ্ধের আগে লিবিয়ায় বাংলাদেশি কর্মীরা নির্মাণ ও তেলক্ষেত্র রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কাজ করতেন। যুদ্ধের সময় কোম্পানিগুলোর মূলধন, যন্ত্রপাতি ও যানবাহনসহ যাবতীয় মালামাল লুট হয়ে গেছে।
"এ অবস্থায় নতুন করে কাজ শুরুর আগে তারা নতুন সরকারের সঙ্গে পূর্ববর্তী পাওনা এবং ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সমঝোতা করতে চায়। তাদের অর্থনৈতিক অবস্থা সুসংহত না হওয়া পর্যন্ত নতুন করে পুরোদমে কাজ শুরু করা কঠিন হবে।"
এসব কোম্পানি থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের আবারো নিয়োগ এবং নতুন কর্মী অভিবাসনের আগে বেতনসহ অন্য আর্থিক সুযোগ-স্ুিবধা নিয়মিত পাওয়ার বিষয়টি নিশ্চিত করারও তাগিদ দেওয়া হয় প্রতিবেদনে।
দূতাবাস জানায়, অনেক কোম্পানিই এসব কর্মীর দায়িত্ব নিতে পারছে না। তারা বকেয়া বেতনই পরিশোধ করতে পারেনি। লিবিয়ার নতুন সরকার এবং ওইসব কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/জেকে/০৯৫০ ঘ.
bdnews24