ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের জবাব সরকারের অনুকূলে এবং প্রতিকূলে কোনটিই নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "তারা চিঠির জবাব পাঠিয়েছে। এ জবাব সরকারের অনুকূলে নয়, আবার উল্টোও নয়।"
প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে। ২৯০ কোটি ডলার ব্যয়ে এ সেতু নির্মাণে এ সংস্থাটির ১২০ কোটি ডলার দেওয়ার কথা।
এ বিষয়ে বিশ্বব্যাংকের সদর দপ্তরে সরকার চিঠি পাঠিয়েছিলো। কয়েকদিন আগে তার জবাব আসে।
এদিকে পদ্মা সেতু নিয়ে জট শিগগিরই খুলছে না বলে ঢাকায় বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তা বুধবার আভাস দেন, যদিও সরকার দ্রুতই জটিলতার অবসান আশা করে আসছে।
ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতারাতি এ সমস্যার সমাধান সম্ভবপর নয়। এ জন্য সময় প্রয়োজন।"
"এটা একটি বড় প্রকল্প, অনেক অর্থের ব্যাপার। তাই বিশ্বব্যাংক চায়, এ অর্থ খরচে যেন স্বচ্ছতা থাকে," বলেন তিনি।
সেতু নির্মাণ কাজ পর্যবেক্ষণের জন্য পরামর্শক নিয়োগের ক্ষেত্রে একটি কানাডীয় কোম্পানি নীতিবহির্ভূত কাজ করেছে বলে অভিযোগ উঠেছে, যা কানাডা সরকার তদন্ত করছে।
এর পরপরই বিশ্বব্যাংক বাংলাদেশের এ পর্যন্ত বৃহত্তম এ নির্মাণ প্রকল্পে অর্থায়ন আপাতত বন্ধের সিদ্ধান্ত নেয়।
পদ্মা সেতু প্রকল্পে জটিলতা দেখা দিলে গত ২০ অক্টোবর এক প্রেসনোটে পরিস্থিতি ব্যাখ্যা করে সরকার। এতে বলা হয়, প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত সরকার যথাযথ বলে মনে করছে না। সংস্থাটিকে তাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়।
দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দিয়েছে সরকার। এতে বিশ্বব্যাংকের সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের মূল অর্থায়নের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থ দেবে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬৪০ ঘ.
bdnews24