ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায় দিবস উপলক্ষে এবার ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সমবায় মেলার আয়োজন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ঢাকার মেলার উদ্বোধন করবেন শনিবার।
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী জাহঙ্গীর কবির নানক জানান, ঢাকায় মেলা বসবে পিডব্লিউ মাঠে। আর শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ২০০৯ ও ২০১০ সালের জাতীয় সমবায় পুরস্কার বিতরণ করা হবে।
৪০তম সমবায় দিবস উপলক্ষ্যে এবারই প্রথম সারা দেশে সমবায় মেলার আয়োজন করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।
বিগত সরকারগুলোর সময়ে সমবায় আন্দোলনকে 'সুকৌশলে' দুর্বল করা হয়েছিল অভিযোগ করে নানক বলেন, "কোনো ব্যক্তি বা দলের নাম না নিয়েই বলছি, মহাজোট সরকার ক্ষমতায় আসার আগে সমবায় আন্দোলনকে অত্যন্ত সুকৌশলে রুগ্ন করে দেওয়া হয়েছিল।"
জনবল সঙ্কট এবং দুর্নীতিকে সমবায় আন্দোলনের দুর্বলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে নানক বলেন, "আমরা জনবল সঙ্কট কাটিয়ে উঠেছি। মাঠ পর্যায়ে ইতমধ্যে ৮০৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।"
তিনি বলেন, জঙ্গী সংগঠনগুলোর অর্থায়নের বিষয়েও সরকার সতর্ক দৃষ্টি রাখছে।
"বর্তমানে যে কোনো সমবায় সমিতির নিবন্ধনের ক্ষেত্রে এসবির তদন্ত রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে, যেটা আগে ছিল না।"
বর্তমান সরকারের মেয়াদে সমবায় আন্দোলনের পরিধি বি¯তৃত হচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "তিন বছর আগে জিডিপিতে সমবায়ের অবদান ছিল ১.৭ শতাংশ, যা বেড়ে বর্তমানে ৩ শতাংশ হয়েছে। আমরা এই হারকে ৫ শতাংশে নিয়ে যেতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৬০৯ ঘ.
bdnews24