আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চড়া দামে বিশেষ লাইনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পিডিবির প্রস্তাব গ্রহণ না করার সুপারিশ করেছে বিইআরসির আবেদন মূল্যায়ন কমিটি।
কমিটির মতে ওই প্রস্তাব 'ন্যায্যতা ও ন্যায়-নীতির পরিপন্থী'।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে এ সুপারিশ করা হয়।
দেশে প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গত ১৬ মে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গড়ে ১৩ টাকা ধরে একটি প্রস্তাব দেয়, যা সাধারণ হারের তুলনায় চার গুণ বেশি।
ওই প্রস্তাব বিবেচনায় নিয়ে গত ৫ অক্টোবর এ ব্যাপারে উম্মুক্ত সভা হয়। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিইআরসি বৃহস্পতিবার গণশুনানির দিন নির্ধারণ করে।
আবেদন মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও পরিচালক (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান শুনানিতে বলেন, "সব গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া পিডিবির স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে।"
"এর জন্য আলাদা গ্রাহকশ্রেণী সৃষ্টি করা ন্যায্যতা ও ন্যায়-নীতির পরিপন্থী।" মন্তব্য করে তিনি বলেন, "এ কারণে পিডিবির এ প্রস্তাব গ্রহণ না করার জন্য কমিশনের কাছে সুপারিশ করছি।"
গত ৫ অক্টোবর পিডিবি চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "বিদেশে বেশি দামে কোয়ালিটি পাওয়ার সরবরাহের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশেও তা চালু করতে চাই।"
প্রাথমিকভাবে রাজধানীর অভিজাত এলাকার গ্রাহকরাই এ সেবা পাবেন বলে পিডিবির চেয়ারম্যান জানিয়েছিলেন।
এক্ষেত্রে ৪০০ ভোল্টেজের লাইনের জন্য প্রতি ইউনিট বিদ্যুতে ১৪ টাকা ১০ পয়সা, ১১ কেভি লাইনের জন্য ১৪ টাকা, ৩৩ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৭০ পয়সা, ১৩২ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৫০ পয়সা এবং ২৩০ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৪০ পয়সা করে দর প্রস্তাব করে পিডিবি।
বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা। আর ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৪৬ পয়সা এবং চারশ'র বেশি ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা হারে দাম নেয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২২৩৩ ঘ.
bdnews24