ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তি সই হওয়ার ছয় বছর পর ১১ জন নারী পোশাককর্মী পাঠানোর মধ্য দিয়ে জাপানের শ্রমবাজারে বাংলাদেশি জনশক্তি রপ্তানি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বেসরকারি জনশক্তি রপ্তানিকারক রেডিয়াস ইন্টারন্যাশনালের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণার্থী (টেকনিক্যাল ইন্টার্ন) হিসেবে প্রথম ১১ জন নারী কর্মী মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে রওনা হন। ক্যাথেপ্যাসেফিক এয়ালাইন্সের সিএক্স-৬৭৪৭ নম্বর ফ্লাইটে তারা ঢাকা ছেড়ে যান।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, এসব কর্মী এক মাসের প্রশিক্ষণ নিয়ে জাপানের নাগাসাকি শহরের বিভিন্ন কারখানায় কারিগরি প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করবেন। জাপানের আইন অনুযায়ী, একটি কারখানায় সর্বোচ্চ তিন জন কারিগরি প্রশিক্ষণার্থীর কাজ করার সুযোগ রয়েছে।
২০০৫ সালে জাপানে কারিগরি প্রশিক্ষণার্থী (টেকনিক্যাল ইন্টার্ন) পাঠানোর জন্য 'জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সহযোগিতা সংস্থার (জিটকো)' সঙ্গে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক চুক্তি হয়। এরপর নানান প্রতিবন্ধকতার কারণে ছয় বছরে মাত্র আট জনকে দেশটিতে পাঠানো সম্ভব হয়।
জাপানে কর্মী পাঠানোর এ প্রক্রিয়াকে ইতিবাচক উল্লেখ করে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের নতুন শ্রমবাজার হিসেবে জাপানের নাম যোগ হলো। এতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গতি পেলো। দীর্ঘদিনের প্রচেষ্টায় জাপানের শ্রমবাজার উš§ুক্ত হলো। চুক্তির পর এই প্রথম বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ পেলো।
তবে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা'র মহাসচিব আলী হায়দার চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, "বিচ্ছিন্নভাবে দু'একজন কর্মীর জাপানে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। আমরা চাই, দেশটিতে নিয়মিতভাবে কর্মী পাঠানো শুরু হোক। যা দেশের শ্রমবাজারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু এটি নিতান্তই একটি বিচ্ছিন্ন ঘটনা।"
জাপানে জনশক্তি রপ্তানির সুযোগ সব বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করার দাবি জানান বায়রা সভাপতি। তিনি বলেন, "সরকার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে এ কাজের অনুমতি দিয়েছে। এছাড়া সরকারি নানা শর্তও রয়েছে, যা দেশটিতে জনশক্তি রপ্তানির প্রক্রিয়াকে ব্যাহত করছে।"
জাপানি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান এলপি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ব্যবসায়ী মীর মোহাম্মদ নাঈম জানান, জাপানের 'নাগাসাকি অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন' রেডিয়াস ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রথম এই ১১ জন কর্মী নিলো।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাপানে যাওয়া এসব কর্মী তাদের প্রথম মাসের প্রশিক্ষণ চলাকালে থাকা-খাওয়ার পাশাপাশি জনপ্রতি ৩০০ ডলার হাত খরচ পাবেন। দ্বিতীয় মাসে তারা আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। চুক্তি অনুযায়ী, এ সময় প্রতিমাসে বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪ হাজার টাকা বেতন দেওয়া হবে তাদের।
বাংলাদেশি কর্মীরা জাপানে সর্বোচ্চ তিন বছর কাজ করার সুযোগ পাবেন। এ সময় তাদের বিনামূল্যে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হবে। খাবারের জন্য প্রয়োজনীয় চালও তাদের সরবরাহ করা হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, সরকার ইতোমধ্যে আরো প্রায় ৬৮০ জন কর্মী জাপানে যাওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। এসব কর্মীর সবাই যাচ্ছেন বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে।
জাপানে সরকারিভাবে কর্মী গ্রহণকারীদের একমাত্র প্রতিনিধি জিটকো। জাপানে কর্মী পাঠানোর বিষয়ে ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে জিটকোর চুক্তি স্বাক্ষর হয়। তখন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে দেশটিতে জনশক্তি পাঠানোর সিদ্ধান্ত হয়। বিএমইটি'র তেমন তৎপরতা না থাকায় ছয় বছরে জাপানে মাত্র আট জন কর্মী পাঠানো সম্ভব হয়।
পরে সরকার জনশক্তি পাঠানোর জন্য বিএমইটি'র পাশাপাশি ৩৩টি বেসরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জাপানে কর্মী পাঠানোর জন্য মনোনীত করে। কিন্তু এসব জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এ কাজের কর্মীদের থেকে ন্যূনতম সার্ভিস চার্জ ও বীমা খাতে অর্থ নেওয়ার দাবি জানায়।
জিটকোর শর্ত অনুযায়ী, জাপানে কর্মী পাঠানোর ক্ষেত্রে কর্মীদের থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। কর্মীদের যাবতীয় ব্যয় জাপানি চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে। জিটকোর কঠিন শর্ত এবং শর্ত মানার ক্ষেত্রে সরকারের অনমনীয় অবস্থানের কারণে দেশটিতে জনশক্তি রপ্তানির বিপুল সম্ভাবনা হুমকির মুখে পড়ে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান আরো বলেন, জাপানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সরকার অগ্রাধিকারভিত্তিতে জাপানের বিষয়টি দেখছে।
দেশটিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখায় কর্মকর্তা (লেবার অ্যাটাসি) নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জিটকোর মাধ্যমে ৬৬টি পেশায় ১২৩ ধরনের প্রশিক্ষণার্থী পাঠানোর সুযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩৫৫ ঘ.
bdnews24