২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে টানা দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টানা দরপতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রেক্ষাপটে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ম. খায়রুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ব্যাংকিং বিভাগের সচিব, এনবিএর চেয়ারম্যান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংকার্স ও ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।" গণভবনে সন্ধ্যা ৭টায় ওই বৈঠকে এসইসি চেয়ারম্যানও উপস্থিত থাকবেন। বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পর প্রায় এক মাস শেয়ার বাজার চাঙ্গা থাকে। এরপর জুলাইয়ের শেষ দিক থেকে আবার পতন শুরু হয়। দরপতন ঠেকাতে সরকারের নির্দেশনায় এসইসি ও বাংলাদেশ ব্যাংক গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কিছু প্রণোদনামূলক ব্যবস্থা নিলেও সূচক পতনের ধারা অব্যাহত থাকে ঈদের পরও। গত তিনদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক পড়েছে ৫০০ পয়েন্টের বেশি। মঙ্গলবার ডিএসই সূচক আগের দিনের চেয়ে ২২৮ পয়েন্ট কমে হয়েছে ৪ হাজার ৬৪৯ পয়েন্ট। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারও ডিএসইর সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। বাজার স্থিতিশলী করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চাইছেন তারা। বাজারের এই অস্থিরতার পেছনে কারসাজি রয়েছে কি না- বাজার বিশ্লেষকরা সে প্রশ্নও তুলেছেন ইতোমধ্যে। এসইসি চেয়ারম্যান জানান, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন তিনি। "প্রধানমন্ত্রী আমাকে টেলিফোনে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জরুরি বৈঠক হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৮১৫ ঘ.