ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ছাড়াই সিএনজির (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়ানো হলে ধর্মঘটের হুমকি দিয়েছে পরিবহন খাতের পাঁচ সংগঠনের নেতারা।
সংগঠনগুলোর পক্ষ থেকে শনিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়, মাত্র চার মাসের মধ্যে দুইবারে সিএনজির দাম ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। এতে পরিবহন ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আবার দাম বাড়ানো হলে পরিবহন মালিকরা তা মানবে না।
অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানি (এবিসি), ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ট্যাক্সিক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফোর স্ট্রোক সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
তিনি বলেন, "ডিজেলচালিত গাড়ির চেয়ে সিএনজিচালিত গাড়ির দাম দ্বিগুণ। রক্ষণাবেক্ষণ ব্যয়ও তিন থেকে চারগুণ বেশি।
"অর্থমন্ত্রী গত ৯ নভেম্বর সিএনজির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।" উল্লেখ করে জাকির বলেন, "তার দেওয়া তথ্যেই বোঝা যায়, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। এ অবস্থায় সিএনজির দাম ডিজেলের সমান করা হলে ঢাকা মহানগরীর পরিবহন ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে। মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করতে বাধ্য হবে।"
গত ৯ নভেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সিএনজির দাম বাড়িয়ে ডিজেলের সমান করা প্রয়োজন।
সারা দেশে বর্তমানে ৫৮৫টি সিএনজি স্টেশন এবং ১৭০টি কনভার্শন ওয়ার্কশপ রয়েছে। সিএনজিচালিত প্রায় দুই লাখ ২০ হাজার যান চলছে।
অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের (এবিসি) সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম কাজল বলেন, "দুই দফায় সিএনজির দাম বাড়ানোয় প্রায় ৪০০ সিএনজি ফিলিং স্টেশন ঋণখেলাপি হয়ে পড়েছে। গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে তাল মিলিয়ে অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও বাসে ভাড়া আদায় সম্ভব হচ্ছে না। ফলে শুধু ঢাকায় ৩০টি বাস কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।"
"এ অবস্থায় নতুন করে সিএনজির দাম বাড়ানো হলে মালিকরা এসব পরিবহন বন্ধ করে দিতে বাধ্য হবেন," যোগ করেন তিনি।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ ভুলুসহ অন্য সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮১৫ ঘ.
bdnews24