২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম আবার বাড়ল

জ্বালানি তেলের দাম বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে বেড়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বেড়েছে। রাত ১২টার পর থেকে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের বিক্রয়মূল্য হবে যথাক্রমে ৫৬ টাকা, ৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে দাম বৃদ্ধির কথা উল্লেখ করে বলা হয়, "দামবৃদ্ধির পরও লিটার প্রতি ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলে সরকারকে যথাক্রমে ১৬.৩৯ টাকা, ১৬.৩১ টাকা ও ৪.৯৭ টাকা ভর্তুকি দিতে হবে।" এ নিয়ে ছয় মাসে জ্বালানি তেলের দাম বাড়ল তিন দফা। গত ১৮ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ফার্নেস ওয়েলের দাম লিটার প্রতি আট টাকা হারে বাড়ায় সরকার। এর আগে গত ৫ মে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, "গত ২১ অক্টোবর, ২০১১ তারিখের আন্তর্জাতিক মূল্য অনুযায়ী দেশে সংগ্রহ ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধানের কারণে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) বর্তমানে ডিজেল, কেরোসিন ও ফার্নেস অয়েলে লিটার প্রতি যথাক্রমে ২১ দশমিক ৩৯ টাকা, ২১ দশমিক ৩১ টাকা ও ৯ দশমিক ৯৭ টাকা লোকসান দিচ্ছে।" "ভারতের কলকাতায় বর্তমানে প্রতি লিটার ডিজেলের মূল্য প্রায় ৭০ টাকা এবং প্রতি লিটার পেট্রোলের মূল্য প্রায় ১১৭ টাকা।" উল্লেখ করে তথ্য বিবরণীতে বলা হয়, "সীমান্তবর্তী দেশের তুলনায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের মূল্য যথেষ্ট কম থাকায় চোরাচালানের মাধ্যমে জ্বালানি তেল পাচার হওয়ার আশঙ্কা ও ঝুঁকি থেকেই যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০০০৪ ঘ.