আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার তৃতীয় দিন রাজধানীর বাজারগুলোয় ক্রেতার সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন বিক্রেতারা।
বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার, মালিবাগ কাঁচাবাজার ও খিলগাঁও রেলগেট বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ক্রেতার সংখ্যা কম থাকায় বাজারগুলোতে সবজির দাম কিছুটা কম।
সকাল ১১ টায় কারওয়ান বাজারের সবজি বিক্রেতা মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য দিন এ সময়ে প্রায় ২ হাজার টাকার সবজি বিক্রি হয়। কিন্তু আজ এখন পর্যন্ত মাত্র ২৫০ টাকার বিক্রি করতে পেরেছি। ক্রেতা নাই, তাই বেচাকেনার অবস্থা ভালো না।"
তিনি বলেন, "ঈদের আগে মুলা ২০ টাকায় আর খিরা ৩০ টাকা কেজি দরে বিক্রি করলেও আজ মুলা ১২ টাকা ও খিরা ১৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।"
বাজার করতে আসা তিতাস গ্যাসের কর্মকর্তা বিপ্লব কান্তি দাশ বলেন, "পণ্যের দাম কিছুটা কম। সারা বছর এ রকম থাকলে খুবই ভালো হতো।"
কারওয়ান বাজারে মাছের দোকানও দেখা যায় প্রায় ক্রেতাশূন্য। মাছ বিক্রেতা স্বপন কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ লোক অনেক কম। স্বাভাবিকের তুলনায় তিন ভাগের একভাগ লোক বাজারে আসছে।"
ছোট ইলিশ মাছ ১ হাজার ৬০০ টাকা হালি এবং রুই মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ক্রেতার সংখ্যা কম থাকায় বেশিরভাগ দোকানই বন্ধ দেখা যায় মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে।
এ বাজারের সবজি বিক্রেতা তানভির বলেন, "ফুলকপি-বাঁধাকপি ২০ টাকা এবং টমেটো ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।"
ঈদের আগে ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা এবং টমেটো ১২০ টাকা দরেও বিক্রি করেছেন বলে জানান তিনি।
মাছ বিক্রেতা পারভেজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ ক্রেতা অনেক কম। রুই মাছ ১৮০ টাকা, বড় গলদা চিংড়ি ১ হাজার ৬০০ টাকা কেজি আর ছোট ইলিশ ১৪০০ টাকা হালি দরে বিক্রি করছি।"
এ বাজারে মাছ কিনতে আসা গোলাম মুজতবা বলেন, "ক্রেতা কম থাকায় মাছের দাম কিছুটা সহনীয় বলে মনে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/২২০৩ ঘ.
bdnews24