২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থলবন্দর চালু, ওপারে ট্রাকজট

ঈদের ছুটি শেষে বুধবার খুলেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। তবে পাঁচ দিনের ছুটিতে ট্রাকজট দেখা দিয়েছে ওপারের পেট্রাপোল বন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

বেনাপোল/যশোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে বুধবার খুলেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। তবে পাঁচ দিনের ছুটিতে ট্রাকজট দেখা দিয়েছে ওপারের পেট্রাপোল বন্দরে। বৃহস্পতিবার বিকাল থেকে মঙ্গলবার টানা ৫ দিনের মধ্যে ৩ দিন ছিল ঈদের ছুটি। আর শুক্রবার ও শনিবার ছিল বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। এই পাঁচ দিন বেনাপোল চেকপোস্ট দিয়ে শুধু পাসপোর্টধারী যাত্রীরাই চলাচল করেছেন। বুধবার সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কে এম শাহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলছে। বেলা ২টা পর্যন্ত বাংলাদেশ থেকে রপ্তানিপণ্য নিয়ে গেছে ১২টি ট্রাক। আর আমদানি করা পণ্য নিয়ে বেনাপোলে ঢুকেছে ২১২টি ট্রাক।" তবে বাংলাদেশে দীর্ঘ ছুটির কারণে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার দু'ধারে কয়েকশ ট্রাকের জট তৈরি হয়েছে। পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, পরপর পূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত এক মাসে কর্মদিবস অনেক কমে গিয়েছিল। ফলে পেট্রাপোল বন্দর এলাকা থেকে বনগাঁ পর্যন্ত বাংলাদেশ অভিমুখী শত শত ট্রাক জমে গেছে। বেনাপোল বন্দরের উপ পরিচালক আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরুর পর বন্দরের কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে ৫ দিন ছুটির পরও বন্দর ও কাস্টমসের অনেক কর্মকর্তা বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর কর্মীদের উপস্থিতিও ছিল কম। ফলে মাল ওঠানামা স্বাভাবিকের চেয়ে কম ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/১৬৪৬ ঘ.