২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া নিয়ে বিপাকে খুচরা ব্যবসায়ীরা

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের দর মানলে তাদের লোকসান দিতে হবে। অন্যদিকে ট্যানারি মালিকদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে মন্দা চলায় বেশি দাম দেওয়া যাচ্ছে না। মামুনুর রশীদ ও মিঠুন চৌধুরী এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

মামুনুর রশীদ ও মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর দাম নির্ধারিত না হওয়ায় চামড়া কিনে বিপাকে পড়েছে খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, ট্যানারি মালিকদের দর মানলে তাদের লোকসান দিতে হবে। অন্যদিকে ট্যানারি মালিকদের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে মন্দা চলায় বেশি দাম দেওয়া যাচ্ছে না। দেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত দ্রব্যের কাঁচামালের প্রায় অর্ধেক যোগানই আসে ঈদুল আজহার সময়। সোমবার পশু কোরবানি হওয়ার পর থেকেই শুরু হয়েছে চামড়া বেচা-কেনা। অন্যবার ট্যানারি মালিকরা চামড়া কেনার একটি দর আগে ঠিক করে দিলেও এবার তা দেওয়া হয়নি। এর কারণ ব্যাখ্যা করে বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে তা করা যায়নি। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু মোহাম্মদ এর সঙ্গে অন্য একটি কারণও যোগ করেন। তার দাবি, আগের বছরগুলোতে দাম বেঁধে দিলেও আড়তদাররা তা মেনে চলেনি। তবে দর ঠিক করা থাকলে সমস্যা এড়ানো যেত বলে মনে করেন ঢাকা ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাবেক সভাপতি এবং ঢাকা হাইড অ্যান্ড স্কিনস'র ব্যবস্থাপনা পরিচালক এম এ রশীদ ভুঁইয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটা রেট দেওয়া হলে মানুষের মধ্যে একটা ধারণা থাকে। সেক্ষেত্রে সেলিং এবং পার্চেজ এর মধ্যে একটা সমতা থাকে।" দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণত মৌসুমী ব্যবসায়ীরা পশুর চামড়া কেনেন। তারা বিক্রি করেন আড়তে, আড়তদারদের থেকে কিনে নেন ট্যানারি মালিকরা। দাম ঠিক না থাকায় মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন দরে চামড়া কিনেছেন। এখন বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন তাদের অনেকে। দাম নির্ধারণ না করাটা ট্যানারি মালিকদের একটা 'কৌশল'- এ অভিযোগ করে জিগাতলার খুচরা ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, "চামড়া কেনার জন্য ট্যানারি মালিকরা সরকারের কাছ থেকে ট্যাকা নিলেও সেই ট্যাকা তারা অন্য কামে লাগায়। আর সরকাররে কয় লস খায়া গেছি।" মঙ্গলবার চামড়ার পাইকারি বাজার জিগাতলা এবং হাজারীবাগ এলাকায় চামড়া বিক্রি করতে আসা বিভিন্ন খুচরা এবং মৌসুমী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতি বর্গফুট চামড়া ৭০ থেকে ৭৫ টাকা দরে কিনলেও ট্যানারি মালিকেরা ৭৫ থেকে ৮০ টাকার বেশি দিতে চাচ্ছে না। হাজারীবাগ এলাকার খুচরা ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকায় এইবার কোরবানি কম হওয়ায় ঈদের দিন (সোমবার) সকাল থেকে একটু বেশি দাম দিয়ে আমরা চামড়া কিনছি। কিন্তু রাতের দিকে দাম বেশ পড়ে যায়। তারপরেও গড়ে প্রতি বর্গফুট চামড়ার দাম পড়েছে ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে। কিন্তু ট্যানারি মলিকরা এখন পর্যন্ত ৮০ টাকার বেশি দিতে চাচ্ছেন না।" মৌসুমী ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, "কোনো কোনো মালিক ৬০ থেকে ৬৫ টাকাও দর বলছেন।" রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক চামড়া কিনতে এবার ব্যবসায়ীদেরকে ৩৫০ কোটি টাকা ঋণ দিয়েছে। গত বছর এই ঋণের পরিমাণ ছিলো ৩২৫ কোটি টাকা। এর বাইরে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক এবং বেসরকারি ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংকও চামড়া কেনার জন্য ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়া কিনেছেন ৭০ থেকে ৭৫ টাকায়। তার ভাষ্য, বেশি দাম দিয়েই তারা চামড়া কিনেছেন; আর এ জন্য মৌসুমী ব্যবসায়ীদের বাজার সম্পর্কে ধারণা না থাকাকেই দায়ী করেন তিনি। বন্দর নগরীতে প্রায় ৩ লাখ গরুর চামড়া ও ৭০ হাজার ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানান আড়তদার মুসলিম। তবে তার শঙ্কা, যে দামে তারা কিনেছেন, এখন লাভে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করতে পারবেন কি না। মুসলিমের এই শঙ্কা যে সত্যি, তা ফুটে উঠলো মদিনা ট্যানারির মালিক ও চামড়া রপ্তানিকারক সমিতির উপদেষ্টা আবু মোহাম্মদের কথায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান আন্তর্জাতিক বাজার দর হিসেবে ৪০ থেকে ৪৫ টাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া কিনলে খুচরা ব্যবসায়ীরা ঠিক করতেন। প্রতি বর্গফুটের জন্য ৭৫ টাকা দেওয়া এখন ট্যানারি মালিকদের পক্ষে প্রায় অসম্ভব।" চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির সভাপতি বেলাল বলেন, দুই মাস আগেও প্রতি বর্গফুট 'হাই গ্রেড' চামড়া ২ ডলার ২০ সেন্ট এবং নিু মানের চামড়া ১ ডলার ১৫ সেন্ট থেকে ২৫ সেন্টের মধ্যে রপ্তানি করা হতো। এখন সব ধরনের চামড়ার গড় দাম দাঁড়িয়েছে ১ ডলার ৪০ থেকে ৫০ সেন্টের মধ্যে। বিটিএ সভাপতি শাহীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্যান্য বছর ঈদের আগে যেখানে রপ্তানির অর্ডার বেড়ে যায়, সেখানে এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। অনেকের আগের অর্ডারগুলোও বাতিল হয়ে গেছে।" আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তান, ভারত, চীন, ভিয়েতনাম ও ব্রাজিলের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় বলে জানান তিনি। "তবে আমাদের দেশের চামড়ার মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে গত কয়েক বছরে চাহিদা বেড়েছে। আন্তর্জাতিক বাজার একটু স্থিতিশীল হলে বর্তমান সঙ্কটও কেটে যাবে," যোগ করেন বিটিএ সভাপতি। এবারের ঈদে সারাদেশে ৪০ লাখেরও বেশি গরু-মহিষ এবং ৩৫ থেকে ৪০ লাখের মতো ছাগল কোরবানি হয়েছে বলে ধারণা করছে ট্যনারি মালিকরা। বিটিএর সাবেক সভাপতি রশীদ জানান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ এবং কিশোরগঞ্জ এলাকার চামড়া উৎকৃষ্ট মানের হয়। আর সিলেট এবং বরিশাল অঞ্চলের চামড়া নিু মানের হওয়ায় তার দাম কম হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী ২০০৯-১০ অর্থবছরে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিলো ৩৫ কোটি ৩২ লাখ ডলার। ২০১০-১১ অর্থবছরে তা সামান্য কমে হয় ৩৫ কোটি ৩০ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয় হয়েছে ৯ কোটি ২৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১৫ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/সিএম/এমআই/২১০৭ ঘ.