আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চলতি অর্থবছরে বিদেশি ঋণ-সহায়তা হিসেবে মোট আড়াই শ' কোটি ডলার পাওয়ার আশা করলেও প্রথম তিন মাসে এসেছে মাত্র ২৪ কোটি ৬২ লাখ ডলার, যা মোট লক্ষ্যমাত্রার ১০ শতাংশরও কম। গত অর্থবছরও এই সময়ে ৩১ কোটি ৫৯ লাখ ডলার দিয়েছিল দাতা দেশ ও সংস্থাগুলো।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলছেন, অর্থবছরের শুরুর দিকে বিদেশি সাহায্য ছাড় করার গতি একটু কমই থাকে।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খান আশঙ্কা করছেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতার 'সম্মানজনক' সমাধান না হলে ভবিষ্যতে বিদেশি ঋণ-সহায়তা আরও কমতে পারে।
সেক্ষেত্রে আগামী ৯ মাসে প্রত্যাশার বাকি ৯০ শতাংশ ঋণ পাওয়া যাবে কি-না তা নিয়েও সংশয় তৈরি হবে।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতির যে অভিযোগ এনেছে, তা হালকাভাবে না নিয়ে দ্রুত সুরাহা করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা আকবর আলি।
একই ধরনের পরামর্শ দিয়েছেন আরেক সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেছেন, "বিশ্বব্যাংক যদি পদ্মা সেতুতে অর্থায়ন না করে তাহলে এ দেশে তাদের অন্যান্য প্রকল্পের অর্থায়ন নিয়েও ভবিষ্যতে সঙ্কট তৈরি হতে পরে।"
অর্থনৈতিক সম্পর্ক বিভগের (ইআরডি) সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) মোট ২৪ কোটি ৬২ লাখ ডলারের (২২ কোটি ১২ লাখ ডলার প্রকল্প সাহয্য এবং ২ কোটি ৫০ লাখ ডলার খাদ্য সহায়তা) বিদেশি সাহায্য দেশে এসেছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি ১৮ লাখ ডলারই চলে গেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণের সুদ-আসল পরিশোধে। সেই হিসাবে সরকারের হাতে নিট বৈদেশিক সাহায্য থাকছে ৭ কোটি ৪৪ লাখ ডলার।
গত ২০১০-১১ অর্থবছরে একই সময়ে মোট ৩১ কোটি ৫৯ লাখ ডলারের (২৮ কোটি ২৯ লাখ ডলার প্রকল্প সাহায্য এবং ৩ কোটি ৩০ লাখ ডলার খাদ্য সহায়তা) বিদেশি সাহায্য এসেছিল। এর মধ্যে আগের ঋণ ও সুদ পরিশোধে ব্যয় হয়েছিল ১৪ কোটি ২৯ লাখ ডলার। ফলে সরকারের হাতে ছিল ১৭ কোটি ৩০ লাখ ডলার।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রতিবারই অর্থবছরের প্রথম দিকে ফরেন এইডের প্রবাহ কম থাকে। এবারও তাই হয়েছে। আগামী মাসগুলোতে এ প্রবাহ অবশ্যই বাড়বে। পাইপলাইনে অনেক সাহায্য আটকে আছে। সেগুলো আসলে বিদেশি সাহায্যের এ অবস্থা থাকবে না।"
পরিসংখ্যানে দেখা যায়, আগের ঋণের সুদ পরিশোধ বাবদ সরকার জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রায় তিন কোটি ডলার বেশি ব্যয় করেছে আগের বছরের একই সময়ে তুলনায়।
সুদ পরিশোধের পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "যেহেতু সরকারের ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে, সেহেতু দেনা পরিশোধের পরিমাণও বাড়বে- এটাই স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেনা শোধের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় একটু বেশিই বাড়ছে। যেহেতু আমরা বিদেশি ঋণ-সহায়তার বিকল্প কোনো ব্যবস্থা এখনও করতে পারিনি, সে কারণে বছর বছর এ দেনা আমাদের শোধ করে যেতেই হবে।"
পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল ১২০ কোটি ডলার। কিন্তু এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে কিছুদিন আগে তারা অর্থায়ন স্থগিত করে।
ইআরডির তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে সবমিলিয়ে ১৭৭ কোটি ৭২ লাখ ডলারের বিদেশি সাহায্য এসেছিল। এরমধ্যে সুদ-আসল পরিশোধে চলে যায় ৭২ কোটি ৭৫ লাখ ডলার। ফলে হাতে থাকে ১০৪ কোটি ৯৬ লাখ ডলার।
২০০৯-১০ অর্থবছরে ঋণ-সহায়তা এসেছিল মোট ২১৬ কোটি ৪৪ লাখ ডলারের। তার মধ্যে ৬৮ কোটি ৭৪ লাখ ডলার চলে যায় দেনা পরিশোধে। নিট ঋণ-সহায়তার পরিমাণ দাঁড়ায় ১৪৭ কোটি ৭০ লাখ ডলার।
এদিকে বিদেশি সাহায্য কমে আসায় সা¤প্রতিক দিনগুলোতে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে। চলতি বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে মোট ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলেও বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসেই (জুলাই-অক্টোবর) ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "এ কথা ঠিক যে বিদেশি সাহায্য কমে আসায় অর্থবছরের প্রথম দিকে ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে। তবে এটা জোর দিয়ে বলতে পারি, বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা আছে- তা কোনা অবস্থাতেই অতিক্রম করা হবে না।"
গত অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ১৫ হাজার ৬৮০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছিল সরকার। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকা হয়।
অন্যদিকে চলতি বাজেটে বিদেশি উৎস থেকে মোট ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা (প্রায় আড়াই শ' কোটি ডলার) বিদেশি ঋণ আসবে বলে আশা প্রকাশ করেছে সরকার। এর মধ্যে ৫ হাজার ৬২৭ কোটি টাকা চলে যাবে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে। অর্থাৎ লক্ষ্য পূরণ হলেও এ অর্থবছরে ১৩ হাজার ৫৮ কোটি টাকার নিট ঋণ সরকারের হাতে থাকবে।
গত বাজেটে ১৫ হাজার ৯৬৮ কোটি টাকার বিদেশি ঋণ আসবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু অর্থবছর শেষে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১০ হাজার ৯২০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/জেকে/১২৪৫ ঘ.
bdnews24