ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যয় কমাতে জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ দিয়েছেন সিপিডির সাবেক নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টচার্য।
দেশের অর্থনীতি এখন একটি সঙ্কটকাল পার করছে বলেও মনে করেন। এ অবস্থা মোকাবেলায় সরকারকে একটি কর্মপরিকল্পনা ঠিক করতেও পরামর্শ দিয়েছেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ভর্তুকি বাবদ সরকার এ অর্থবছরে ৪৭ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এ অর্থের পরিমাণ আমাদের মোট রাজস্ব আয়ের অর্ধেক। ব্যাংক ঋণের দ্বিগুণের বেশি।
চলতি অর্থবছরে রাজস্ব খাত থেকে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ৯২ হাজার কোটি টাকা। ব্যাংক ঋণ ধরা হয়েছে ১৮০০০ কোটি টাকা।
চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকির পরিমাণ ২২ হাজার ৫০০ কোটি টাকা ধরা হয়েছে। তবে সিপিডি মনে করছে, এ অঙ্ক বাড়বে।
দেবপ্রিয় বলেন, "ভর্তুকির পরিমাণ কমাতে অবশ্যই জ্বালানির মূল্য বাড়াতে হবে। এমনকি জনরোষ দেখা দিলেও সরকারের তা করা উচিত।"
ভর্তুকি কমানোর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ভর্তুকি ব্যয় মেটাতে সরকার ব্যাংক থেকে ধার করছে। কিন্তু ভর্তুকি কমালে অতিরিক্ত অর্থ উৎপাদনশীল খাতে ব্যয় করা সম্ভব। তাতে অর্থনীতির জন্য ভালো ফল আসবে।
"সরকার দরিদ্রদের সহায়তা ভর্তুকি দিলেও ব্যাংকের কাছ থেকে ধার করায় মূল্যস্ফীতি আবার বাড়ছে। এ দুটি বিষয় একটি আরেকটির ওপর প্রভাব রাখছে," বলেন তিনি।
'বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ' শীর্ষক এ সংবাদ সম্মেলনে সিপিডির সাবেক নির্বাহী পরিচালক বলেন, চলমান সঙ্কটে সরকারকে মনোযোগ দিতে হবে।
বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এ বছরের কাক্সিক্ষত সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন বলেও মনে করেন তিনি। এ জন্য দুই বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা নিতে সরকারকে পরামর্শ দেন তিনি।
দেবপ্রিয় বলেন, লেনদেনের ভারসাম্য ঠিক রাখা এবং অভ্যন্তরীণ ঋণের ওপর চাপ কমাতে প্রতিশ্র"ত বিদেশি অর্থসহায়তা পাওয়ার হার বাড়ানোর দিকে সরকারের আরো মনোযোগ দিতে হবে।
'কারসাজিতে জড়িতদের শাস্তি দিলেই আস্থা ফিরবে'
"তারল্য বাড়লে বাজার ঠিক হয়ে যাবে- এটা ভুল ধারণা।" মন্তব্য করে দেবপ্রিয় বলেন, "স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিক বাজার তদারকি ব্যবস্থা ছাড়া বিনিয়োগকারীরা কখনো আস্থা ফিরে পাবে না।"
"বাজার কারসাজির সঙ্গে জড়িতদের শাস্তি দিলেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।" যোগ করেন তিনি।
গত ডিসেম্বরে শুরু হওয়া দরপতনের ধারা থেকে এখনো বেরোতে পারেনি দেশের পুঁজিবাজার। সে সময় হঠাৎ করে সূচক পতন ঘটায় কোটি কোটি টাকায় হারায় বিনিয়োগকারীরা।
ঈদের আগে শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে প্রায় তিন বছর আগের অবস্থায় পৌঁছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ১৮১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। শেষবার এর চেয়ে কম লেনদেন হয়েছিল ২০০৮ সালের ১৭ ডিসেম্বর।
পুঁজিবাজারে তারল্য বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে আইএমএফও একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল।
পুঁজিবাজারে ব্যাংক খাতের বিনিয়োগ বাড়ানোর সরকারি ঘোষণায় আইএমএফের উদ্বেগের কথা জানিয়ে স¤প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "আইএমএফের মতে, এই তহবিল (পুঁজিবাজার নিয়ন্ত্রণে) ব্যর্থতাকে পুরস্কৃত করবে। এটি শুধু ভুল নয়, উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্নের জন্ম দিচ্ছে। ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় শেয়ারের বিপরীতে তহবিলটির ইউনিট বিনিময়ের কথা বলা হয়েছে। এতে ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণগ্রহীতার দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/পিডি/০১০৩ ঘ.
bdnews24