চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে মাসব্যাপী পঞ্চম আন্তর্জাতিক 'উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১১' শুরু হবে ১০ নভেম্বর।
মেলা উপলক্ষে চট্টগ্রাম ক্লাবে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এবারের মেলায় ইরান, পকিস্তান ও ভারতের উদ্যোক্তারা তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। এবারের মেলায় ৪০০টি ছোট-বড় স্টল ও ২০টি প্যাভিলিয়ন থাকবে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত এ মেলা হবে নগরীর রেলওয়ে পলোগ্রাউণ্ড মাঠে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উইম্যান চেম্বারের সহ-সভাপতি গুলশানা আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি খালেদা-এ-আউয়াল ও পরিচালক জিনাত আরা নিপুন।
লিখিত বক্তব্যে গুলশানা আলী বলেন, "মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার স¤প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি এবং ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক স্থাপনের লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।"
মেলা আয়োজনে সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই ও এসএমই ফাউন্ডেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০২৫ ঘ.
bdnews24