২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টু-জি লাইসেন্স নবায়ন ফি দিলো চার অপারেটর

টু-জি লাইসেন্স নবায়নে চার মোবাইল অপারেটর ফি জমা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে চার মোবাইল অপারেটর ফি জমা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসিকে। সোমবার গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেল ফিয়ের টাকা জমা দেয় বলে জানান বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। সন্ধ্যায় বিটিআরসি কার্যালয়ে গিয়াসউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারটি অপারেটর টু-জি লাইসেন্স নবায়নের টাকা জমা দিয়েছে। তবে সময় বাড়ানোয় কয়েকটি অপারেটর স্পেক্ট্রাম চার্জ জমা দেয়নি।" তিনি বলেন, "লাইসেন্স নবায়নে কোন্ অপারেটর কত টাকা জমা দিয়েছে তা এখনি জানানো সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে জানানো হবে।" "অপারেটরদের কাছে পাওনা থাকলে তা দেওয়া হবে বলে অপারেটরেরা প্রতিশ্র"তি দিয়েছে।" উল্লেখ করে বিটিআরসির এ কর্মকর্তা বলেন, "পাওনার ব্যাপারে সব ঠিকঠাক করেই লাইসেন্স নবায়ন করা হবে।" ৩১ অক্টোবর স্পেক্ট্রার্ম চার্জ জমা দেওয়ার শেষ দিন থাকলেও ৭ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানান গিয়াসউদ্দিন আহমেদ। ১৭ অক্টোবর স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফিয়ের টাকা জমা দিতে ১৫ দিন সময় দিয়ে চার অপারেটরকে চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)। বিটিআরসির হিসাবে বর্তমানে সাড়ে সাত কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন। গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম চার্জ নিয়ে প্রথম কিস্তিতে বিটিআরসিকে এক হাজার তিনশ ৫৮ কোটি ৪৫ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। ভ্যাটের অংশ বাদ দিয়ে এ টাকা জমা দেওয়া হয়।" "ভ্যাটের টাকা বিটিআরসিকে দিতে হবে না জাতীয় রাজস্ব বোর্ডকে দিতে হবে তা আদালত সিদ্ধান্ত দিলেই জমা দিয়ে দেওয়া হবে", যোগ করেন মনিরুল কবির। গত মাসের মাঝামাঝি গ্রামীণফোনকে এক চিঠিতে লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম ফি অর্থ পরিশোধ এবং ওই অর্থ থেকে ভ্যাট ও কর না কাটতে বলে বিটিআরসি। গত ২৬ অক্টোবর গ্রামীণফোন নিয়ে হাইকোর্টে একটি আবেদন করার পর তাদের আইনজীবী ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী ভ্যাট-কর গ্রহণ করবে এনবিআর। কিন্তু বিটিআরসি অবৈধভাবে এই টাকা দাবি করেছে। রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্স নবায়নের জন্য ভ্যাটের অংশ বাদ দিয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে। স্পেক্ট্রামের টাকা আগামী ৭ দিনের মধ্যে জমা দেওয়া হবে।" বাংলালিংকের জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মাসহিদ বলেন, "লাইসেন্স নবায়নের জন্য ভ্যাটের অংশ বাদ দিয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে। স্পেক্ট্রামের টাকা আগামী ৭ দিনের মধ্যে জমা দেওয়া হবে।" সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশন তাসলিম আহমেদ বলেন, "লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়া হয়েছে। স্পেক্ট্রাম ফি নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া হবে।" ১০ অক্টোবর গ্রামীণফোন, রবি ও সিটিসেল নবায়নের আবেদন জমা দেয়। এর আগে ৯ অক্টোবর আবেদন জমা দেয় বাংলালিংক। চিঠি দেওয়ার দিন থেকে ১৫ দিনের মধ্যে অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য ফি জমা দিতে হবে উল্লেখ করে বিটিআরসির চিঠিতে বলা হয়, চার অপারেটরকে লাইসেন্স নবায়ন বাবদ যে অর্থ দিতে হবে তার ৪৯ শতাংশ ৩১ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে। নভেম্বরের ৯ অথবা ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স দেওয়ার কথা রয়েছে। স্পেক্ট্রাম ফি দেড় বছরে চার কিস্তিতে পরিশোধ করতে হবে। গত ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়য়ের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। নীতিমালায় সব ধরনের তরঙ্গের (স্পেক্ট্রাম) মূল্য একই রাখা হয়েছে। তবে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) অনুযায়ী গ্রামীণফোনকে সবচেয়ে বেশি ও সিটিসেলকে সবচেয়ে কম মূল্য দিতে হচ্ছে। গত ৩০ জুন অপারেটরের যে সংখ্যক গ্রাহক ছিল তার ওপর ভিত্তি করেই এমসিএফ নির্ধারণ করা হয়। নীতিমালায় স্পেকট্রামের মেগাহার্জ-প্রতি ফি জিএসএম ও সিডিএমএ ব্যান্ডের জন্য ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়। এছাড়া লাইসেন্স নবায়নের জন্য আবেদন ফি এক লাখ টাকা, নবায়ন ফি ১০ কোটি টাকা ও বার্ষিক ফি পাঁচ কোটি টাকা নির্ধারণ করা হয়। গ্রামীণফোনকে তাদের ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেক্ট্রামের জন্য তিন হাজার ২৪১ কোটি দুই লাখ টাকা, বাংলালিংককে তাদের ১২ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য এক হাজার ৯৭১ কোটি ৬০ লাখ টাকা, রবিকে তাদের ১২ দশমিক ৮ মেগাহার্টজ স্পেক্ট্রামের জন্য এক হাজার ৯০০ কোটি ৮০ লাখ ও সিটিসেলকে তাদের ব্যবহারযোগ্য ৮০০ ব্যান্ডের ১০ মেগাহার্টজ স্পেক্ট্রামের জন্য ৪৫০ কোটি টাকা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৫৪ ঘ.