২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ব্যাপক দরপতন, বিক্ষোভ

পুঁজিবাজারে টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় দুই বছর আগের অবস্থায় চলে এসেছে। এর প্রতিবাদে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা ডিএসই-এর সামনে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 05:50 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় দুই বছর আগের অবস্থায় চলে এসেছে। এর প্রতিবাদে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা ডিএসই-এর সামনে বিক্ষোভ করেছে। রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৭৭ পয়েন্ট। সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২৩৭টির। অপরিবর্তিত রয়েছে ৭টির দাম। লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৯৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা কম। গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় রোববার সপ্তাহের শুরুতে দরপতন দিয়ে লেনদেন শুরু হয় ডিএসইতে। এক ঘন্টা পর ১২টা ১ মিনিটে সাধারণ সূচক ১৩৮ পয়েন্ট কমে। পৌনে দুইটায় সূচকের পতন ২০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। দরপতনের প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ডিএসই ভবনের সামনে রাস্তার ওপর কাঠ ও কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয় তারা। তারা অর্থমন্ত্রী, গভর্নর ও ডিএসই কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। বিক্ষোভের ফলে মতিঝিল শাপলা চত্ত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টার দিকে যান চলাচল শুরু হয়। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর ঘোষণার পর ডিএসইর সূচক বাড়ার মধ্য দিয়ে শুরু হয় গত সপ্তাহের লেনদেন। কিন্তু ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশ্ব ব্যাংক ও আইএমএফের একটি প্রতিবেদন দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বুধবার ও বৃহস্পতিবার বাজারে ধ্বস নামে। গত সপ্তাহ শেষে ডিএসই সাধারণ সূচক ২৩৫ পয়েন্ট বা ৪ দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৩০৮ পয়েন্ট। গত সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ২৫ লাখ টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ৫ কোটি ৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যা তার আগের সপ্তাহে ছিল প্রায় ৪ কোটি ৫ লাখ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার সাপোর্ট লেভেলে চলে এসেছে। ভালো মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ার বিনিয়োগ করার মতো অবস্থায় রয়েছে। আমরা আশা করছি, এ সপ্তাহে বাজার ইতিবাচক ধারায় থাকবে।" শনিবার দুপুরে গাজীপুরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফ -এর কথা মতো আমাদের পুঁজিবাজার চলবে না। আমাদের বাজার চলবে আমাদের নিয়মে।" অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিল রিজভী বলেন, "বিশ্ব ব্যাংক ও আইএমএফের বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার দরকার ছিল। অর্থমন্ত্রীর এ বক্তব্যে সরকারের অবস্থান পরিস্কার হয়ে গেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।" বাজার ভালো হওয়ার বিষয়ে আশা প্রকাশ করে ডিএসই সভাপতি বলেন, "বড় বড় ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ করতে দেখা যাচ্ছে।" বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পুঁজিবাজারে ভবিষ্যৎ ভালো দেখছি। এখন একটু ওঠানামার মধ্যে আছে। ঈদের পরে বাজারে সত্যিকারের প্রবৃদ্ধি (রিয়েল গ্রোথ) শুরু হবে।" এদিকে বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি সপ্তাহে সূচক যদি ২০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করে আর গড়ে প্রতিদিন যদি ৫০০ কোটি টাকার লেনদেন হয়, তাহলে বোঝা যাবে বাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/১৬৪৮ ঘ.