২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর হাটে জাল টাকা রোধে কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে 'জাল নোট শনাক্তকরণ বুথ' স্থাপন করবে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 05:37 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে 'জাল নোট শনাক্তকরণ বুথ' স্থাপন করবে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান এ কথা জানান। সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোরবানির গরুর হাটে বহু টাকা লেনদেন হয়। এ সুযোগে এক শ্রেণীর দুুস্কৃতকারী জাল টাকা ছড়িয়ে দিতে পারে। এটা রোধ করতেই দেশের সব হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।" তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে পুলিশ প্রশাসনকে ১৫টি জাল নোট শনাক্তকরণ মেশিন দেওয়া হবে। পরে মেশিনের সংখ্যা আরো বাড়ানো হবে। "পাশাপাশি সব বাণিজ্যিক ব্যাংককে জাল নোট শনাক্তকারী মেশিনসহ বুথ স্থাপন ও বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা অফিসের প্রধান এবং সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে," বলেন আসাদুজ্জামান। তিনি জানান, রাজধানীসহ সব জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম-গঞ্জে স্থাপিত পশুর হাটেও জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় কর্মকর্তাদের সক্রিয় হতে বলা হয়েছে। এ বিষয়ে সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সব ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ব্যাংক অনুরোধ করেছে। সম্প্রতি জাল নোট তৈরির মেশিনসহ বেশ কয়েকজনকে রাজধানী থেকে আটক করেছে পুলিশ। তাই আশঙ্কা করা হচ্ছে পশুর হাটে জাল টাকা চালানোর চেষ্টা করতে পারে তারা। এ আশঙ্কা থেকেই প্রথমবারের মতো এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/ডিডি/২৩৩২ ঘ.