ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় সাড়ে চারশ' কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ম্যানিলা ভিত্তিক এ ঋণদাতা সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "২০১১-১৫ সালের জন্য বাংলাদেশ ও এডিবি একটি নতুন কান্ট্রি পার্টনারশি স্ট্রাটেজি (সিপিএস) প্রণয়ন করেছে যাতে প্রায় সাড়ে চারশ' কোটি ডলার বিনিয়োগের কর্মসূচি থাকছে।"
এডিবির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার নতুন এ সিপিএস অনুমোদন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে বাংলাদেশে এডিবির কৌশলগত উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত রয়েছে এবং এটা সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে প্রণয়ন করা হয়েছে।
এ পরিকল্পনার আওতায় সুযোগ বাড়িয়ে এবং আধুনিক প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থা মানুষের জন্য সহজলভ্য করে আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করবে এডিবি।
অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এডিবি।
যে সব খাতে সহায়তা দেওয়া হবে
প্রধানত ছয়টি খাতে ঋণ সহায়তা দেবে এডিবি। খাতগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানি (এনার্জি), পরিবহন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ এবং আর্র্থিক খাত।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি ব্যবস্থাপনার উন্নয়ন এবং বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করে একটি নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা এডিবির লক্ষ্য।
পরিবহন খাতে এডিবির লক্ষ্য হচ্ছে, উচ্চ প্রবৃদ্ধি অর্জনকে ত্বরান্বিত করতে সড়ক ব্যবস্থার উন্নয়ন ও রেলওয়ে অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা।
নগর উন্নয়ন খাতে, স্থায়ী নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন বিস্তৃত করা, কিছু পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সংস্কার এবং নগরের পানি খাতে আইনি ও নিয়ন্ত্রণমূলক কর্মকাঠামো প্রণয়ন।
শহরের যানজট ও ঘনবসতি কমাতে উপশহর গড়ে তোলা এবং স্থায়ী নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে এডিবি।
শিক্ষা খাতে, শিক্ষা ব্যবস্থার প্রাসঙ্গিকতা ও গুণগত মানোন্নয়নে সহায়তা করবে এডিবি। এছাড়া শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করবে সংস্থাটি।
এছাড়া এডিবি কৃষি ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে গ্রামীণ অবকাঠামো ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা দেবে।
আর্থিক খাতে, অর্থ ও পুঁজিবাজারকে আরো কার্যকর এবং বন্ড মার্কেটকে দীর্ঘমেয়াদি অবকাঠামোয় অর্থায়নের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক।
সিপিএস'র অন্যতম গুরুত্বের একটি দিক হলো সুশাসন ও সক্ষমতা বৃদ্ধিকে জোরদার করা।
সুশাসনের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইরত প্রতিষ্ঠানগুলোতে সহায়তা বাড়াবে এডিবি।
এছাড়া সরকারি আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও প্রকল্প পরিচালনা এবং এডিবির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি হ্রাসে সুনির্দিষ্ট প্রকল্প প্রণয়নও এ পরিকল্পনার অংশ।
সরকারি-বেসরকারি অংশিদারিত্বসহ বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নেও সহায়তা দেওয়া হবে।
এছাড়া পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি এবং বাণিজ্যের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সুযোগগুলোকে সরকার যেন কাজে লাগাতে পারে সেজন্য সহায়তা দেবে এডিবি।
নতুন এ পরিকল্পনায় সুনির্দিষ্ট ফল লাভকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্থায়ী উন্নয়নের জন্য সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/০০২৬ ঘ.
bdnews24