২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যহাতিকে থামাবে কে?

ধারকর্জ কইরা দুই একর জমিতে আমন ধান আবাদ করছিলাম। হাতি সব পারাইয়া নষ্ট কইরা দিছে। আগামী দিন কিভাবে যাবে, কী খামু, কী করমু এইসব ভাইবা কোনো কিনারা করবার পারতাছি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 05:51 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

মো. আব্দুর রহিম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি শেরপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারকর্জ কইরা দুই একর জমিতে আমন ধান আবাদ করছিলাম। হাতি সব পারাইয়া নষ্ট কইরা দিছে। আগামী দিন কিভাবে যাবে, কী খামু, কী করমু এইসব ভাইবা কোনো কিনারা করবার পারতাছি না। শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি খাড়ামোড়া গ্রামের কৃষক মোহর আলী এভাবে তার ফসল হারানোর বর্ণনা দেন। শুধু মোহর আলীই নয় এমন আরো অনেক কৃষক তাদের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। গত শুক্রবার থেকে প্রতিরাতে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন বিভিন্ন গ্রামে বন্যহাতি তা-ব চালাচ্ছে। এর আগে ফসল বাঁচাতে গিয়ে হাতির আক্রমণে নিহত হয়েছে দুই কৃষক। রাতে পাহাড় থেকে ৫০/৬০টি বন্যহাতি নেমে পায়ে দলে উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি করছে। সন্ধ্যায় শুরু করে সারারাত চলে তাদের এ অত্যাচার। ভোরের আলো ফোটার আগে আবার চলে যায় পাহাড়ের আড়ালে। রাণীশিমুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সোহরাব আলী জানান, বন্যহাতির দল তার ইউনিয়নের খাড়ামোড়া পূর্বপাড়া, রাঙাজান ও খ্রিস্টান পাড়া গ্রামে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ রাতে অন্তত ৪০/৫০ একর জমির পাকা আমন ধান মাড়িয়ে নষ্ট করেছে। তাদের পাশের উপজেলা ঝিনাইগাতীর তাওয়াকুচা এলাকায়ও একই অবস্থা বলে জানান তিনি। ওই এলাকায় গত পাঁচ রাতে প্রায় ১০ একর জমির পাকা আমন ধান নষ্ট করেছে বলে এলাকার লোকজনের বরাত দিয়ে জানান। এসব এলাকায় যতদিন ক্ষেতে পাকা ধান থাকবে ততদিনই হাতির এ হামলা চলবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। খড়কুটায় আগুন দিয়ে ও হইচই করে সব সময় হাতির তাড়ানো যায় না। এছাড়া এজন্য দরকার জ্বলানি কাঠ ও তেল। দরিদ্র কৃষকরা তা ঠিকমতো যোগাড় করতে পারছে না। খাড়ামোড়া গ্রামের তরুণ আমির হামজা বলেন, "বন্যহাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত দু'বছর ধরে দুই একর জমি পতিত ফেলে রেখেছি। অভাবে দিন কাটাচ্ছি। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।" খাড়ামোড়া মধ্যপাড়া গ্রামের কিচ্চণ সাংমা জানান, তিনি দুই একর জমিতে ধান আবাদ করেছিলেন। হাতি সব নষ্ট করে গেছে। এখন পরিবার নিয়ে উপোস করা ছাড়া উপায় নেই। হাতির অত্যাচারে কৃষক নূরুল আসলাম সোমেশ্বরী নদীর পূর্বপাড় থেকে বাড়ি ভেঙ্গে পশ্চিমপাড়ে নিয়ে গেছেন বলে জানান। হাতির কারণে এলাকার অনেক মানুষ ভিটেমাটি ছেড়ে কাজের সন্ধানে শহরে চলে গেছে বলেও তিনি জানান। তাওয়াকুচা গ্রামের সালেহা খাতুনের দেড় একর জমির পাকা ধান শেষ করে দিয়ছে বন্যহাতির দল। খাড়মোড়া গ্রামের হালিমা খাতুন জানান, তার ৫ কাঠা জমির ধান এক রাতে নষ্ট করেছে হাতির দল। একই গ্রামের আব্দুর রহমানের নষ্ট করেছে ৩ একর জমির বাইশমুঠি ধান। এছাড়া খাড়ামোড়া পূর্বপাড়া গ্রামের সোহরাব আলীর দেড় একর, জোনাব আলীর দুইবিঘা, রহমত আলীর ৩ বিঘা, সওদাগরের ১ একর, ময়ছন আলীর দুই বিঘা এবং জহর আলীর ৩ বিঘা জমির ধান নষ্ট করেছে। রাণীশিমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা কবির বন্যহাতির তা-বে ব্যাপক ক্ষতির শিকার কৃষকদের মশাল জ্বালানোর জন্য তেল সরবরাহের দাবি জানান প্রশাসনের কাছে। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান জানান, কৃষক যাতে তাদের ক্ষেতের ফসল হাতির কবল থেকে রক্ষা করতে পারে তার জন্য মশাল জ্বালাতে তাদের তেল সরবরাহ করা হবে। এছাড়াক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেক পরিবারে নগদ ৫০০ টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হবে। শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ি হালুয়াহাটি গ্রামে ১০ অক্টোবর বন্যহাতির আক্রমণে আমিনুল ইসলাম নামে একজন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন ফারুকক হোসেন মিস্টার (৩০)। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ অক্টোবর তার মৃত্যু হয়। বন্যহাতির কবল থেকে ফসল রক্ষা করতে গিয়ে তারা হাতির আক্রমণের শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.