চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্প কারখানায় গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল)।
বুধবার বিকেলে বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ের সভাকক্ষে পোশাক শিল্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন।
চলতি সপ্তাহে কেজিডিসিএল পোশাক শিল্প কারখানা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোয় হলিডে স্ট্যাগারিং (ছুটির দিনে কারখানা বন্ধ রাখা) প্রস্তাব দেওয়ায় বিজিএমইএ প্রতিবাদ জানায়।
এ প্রেক্ষিতে বুধবার বিজিএমইএ ও পোশাক শিল্প মালিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন সানোয়ার হোসেন।
সভায় বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী গ্যাসের স্বল্পতা নিরসনে কেজিডিসিএল প্রস্তাবিত হলিডে স্ট্যাগারিংয়ের সমালোচনা করে বলেন, "এ সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রাই শুধু ব্যাহত হবে না, চলমান উৎপাদন প্রক্রিয়া বিঘিœত হবে এবং রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।"
কেজিডিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক সানওয়ার হোসেন চৌধুরী জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়াকেই এর জন্য দায়ী করেন।
তিনি বলেন, "আগে প্রতিদিন জাতীয় গ্রিড থেকে ২২ থেকে ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে ২০৫ থেকে ২০৮ মিলিয়ন ঘনফুট। ফলে শিল্প কারখানায় সমন্বিত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।"
"এ জন্য গ্যাস সরবরাহ নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে", যোগ করেন তিনি।
আগামী মাসের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন সানোয়ার হোসেন।
তিনি বলেন, "পোশাক শিল্প কারখানাকে হলিডে স্ট্যাগারিংয়ের আওতার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে।"
সভায় অন্যদের মধ্যে বিজিএমইএ'র প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল¬াহ্, এসএম আবু তৈয়ব, বিজিএমইএর পরিচালক নাসির উদ্দিন, এএম মাহাবুব চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২১৫২ ঘ.
bdnews24