ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট ফি নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়ে ট্যারিফ কমিশনের আওতায় গঠিত কমিটির প্রতিবেদন সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "ট্রানজিট ফি নির্ধারণসহ রুট নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে ট্যারিফ কমিশনের আওতায় গঠিত কোর কমিটি বিস্তারিত খসড়া প্রতিবেদন পেশ করেছে, যা চূড়ান্ত পর্যালোচনা করা হচ্ছে।"
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান বলেছিলেন, নৌ ট্রানজিট ও বাণিজ্য বিষয়ে ভারত-বাংলাদেশ প্রটোকল নবায়নের আগামী বৈঠকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট ফি চূড়ান্ত করা হবে, যে বৈঠক আগামী মার্চের আগেই হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যৌথ ইশতেহারের সিদ্ধান্ত অনুযায়ী সড়ক পথে ভারত, নেপাল ও ভুটান থেকে আসা পণ্য পরিবহণে মংলা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করার লক্ষ্যে সড়ক রুট নির্ধারণ ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে জাতীয় মহাসড়কগুলো চার লেনে উন্নীত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
শেখ হাসিনা বলেন, "২০১১ সালের ২৮ মার্চ ওভার ডাইমেনশনাল কার্গো পরিবহন শুরু হয়েছে এবং মোট ৯৬টির মধ্যে ৪০টি কনসাইনমেন্ট পরিবহন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও সম্প্রতি পরীক্ষামূলকভাবে এ রুটে ভারতীয় পণ্য সীমিত আকারে পরিবহন করা হচ্ছে।"
চলতি বছরের ফেব্র"য়ারিতে ভারতের পালটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ আশুগঞ্জ হয়ে আগরতলা সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরায় নেওয়া হয়। এরপর কলকাতা থেকে আশুগঞ্জ নৌবন্দর হয়ে ভারতীয় পণ্যের প্রথম বাণিজ্যিক চালানটি সেপ্টেম্বরে আগরতলা পৌঁছায়।
চলতি বছর ফেব্র"য়ারি মাসে গোয়ায় প্রটোকল নবায়ন বৈঠকে আশুগঞ্জকে ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরুর সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৩৫ ঘ.
bdnews24