ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান অভিবাসন আইনকে দুর্বল দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অভিবাসীদের জন্য নতুন আইন হবে।
বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রেমিটেন্স উৎসবের 'সোনার মানুষ' সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "দেশের অনেক শ্রমিক বিদেশে গিয়ে বিড়ম্বনা এবং প্রতারণার স্বীকার হন। ১৯৮২ সালের অভিবাসন আইনের অনেক ধারা দুর্বল হওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়। আর কোনো অভিবাসীকে যেন এ ধরনের প্রতারণার স্বীকার না হতে হয় সে লক্ষে এ আইন যুগোপযোগী করা হবে।"
প্রবাসী ব্যাংক প্রসঙ্গে মুহিত বলেন, "বিদেশে যাওয়ার আগেই অনেকে দালাল এবং প্রতারকদের খপ্পরে পরে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। প্রবাসী ব্যাংক থেকে ঋণসুবিধা গ্রহণের মাধ্যমে অনেকেই এসব বিড়ম্বনা কাটিয়ে অনেক কম খরচে বিদেশে যেতে পারছেন।"
"বাংলাদেশে আগে ৫০ হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা ছিলো" জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "বর্তমানে প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশিক্ষকের সংখ্যা বৃদ্ধি করে এ সংখ্যা দ্বিগুণ করা সম্ভব হয়েছে।"
রিফিউজি মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইন্সটিটিউট (রামরু) এ উৎসব অনুষ্ঠান আয়োজন করে।
এর আগে সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেন, "প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছেন। তাদের পাঠানো টাকা যেন দ্রুত এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছাতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি দিতে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।"
এছাড়া, ২০১২ সালকে অভিবাসী শ্রমিক বর্ষ ঘোষণা করার প্রস্তাবনাও দেন তিনি।
ড. তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, লেখক এবং সাংবাদিক আনিসুল হকসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রুপালী ব্যাংকসহ প্রায় ১৯টি ব্যাংক এবং মুদ্রা স্থানান্তর সংস্থা অংশ নেয়।
বিদেশি রেমিটেন্স কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নে অংশ রাখার স্বীকৃতি স্বরূপ সম্মাননা অনুষ্ঠানে দুটি পরিবার এবং একজনকে সম্মাননা এবং নগদ অর্থ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২১১০ ঘ.
bdnews24