ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের অর্থায়নেই পদ্মা সেতু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদে বলেছেন, এ প্রকল্পে বিকল্প অর্থায়নের প্রয়োজন হবে না।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, "পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বিষয়ে সৃষ্ট বর্তমান জটিলতা সাময়িক। এটি নিরসনের উদ্যোগ চলমান রয়েছে। আশা করি, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে।"
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করায় সরকারের বিভিন্ন মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, সরকার এ প্রকল্পে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিকল্প কোনো অর্থায়নের প্রয়োজন হবে না। "বিশ্বব্যাংক প্রয়োজনে আরো ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে," বলেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের (বিশ্বব্যাংক) নিজস্ব অফিসিয়াল পদ্ধতি রয়েছে। কোনো ধরনের অভিযোগ, সেটা বেনামী ও ভিত্তিহীন হলেও বিশ্বব্যাংকে তা তদন্তের নিয়ম রযেছে।"
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের।
বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুললেও সরকারের পক্ষ থেকে বরাবরই এ অভিযোগ নাকচ করা হচ্ছে। অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনও কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়ে সরকারের অবস্থান জানিয়েছে। এ চিঠির কপি অন্যান্য উন্নয়ন সহযোগীদেরও দেওয়া হবে।
তিনি বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্প অর্থায়নকারী সংস্থাগুলোর প্রধান সমন্বয়ক। দরপত্র আহ্বান, প্রাকযোগ্যতা যাচাই, ঠিকাদার নির্বাচন ইত্যাদি সব বিষয়েই বিশ্বব্যাংকের সম্মতি নিতে হয়।
পদ্মা সেতুর সব কাজ বিশ্বব্যাংকের সম্মতি নিয়েই হচ্ছে বলে জানান হাসিনা।
অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা
পদ্মা সেতু প্রকল্পে বিকল্প অর্থায়ন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা বুধবার দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এতে বলা হয়, "অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুর অর্থায়নে বর্তমানে যে ব্যবস্থা আছে, সে অনুযায়ীই সেতু নির্মাণ হবে। শুধু এর বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।"
স¤প্রতি অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়ন চিন্তা করা হচ্ছে এবং পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নেই।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়, অর্থমন্ত্রী এ দুটি বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরএইচ/এমআই/১৯৩০ ঘ.
bdnews24