২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেক্ট্রাম ফি: জিপিকে বিটিআরসির চিঠি স্থগিত

২০০৮ সালে বরাদ্দ করা স্পেক্ট্রাম ফি বাবদ গ্রামীণফোনের কাছে টাকা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালে বরাদ্দ করা স্পেক্ট্রাম ফি বাবদ গ্রামীণফোনের কাছে টাকা চেয়ে বিটিআরসির দেওয়া চিঠির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। টু-জি লাইসেন্স নবায়নে গ্রামীণফোনকে (জিপি) দেওয়া চিঠিতে ২০০৮ সালে বরাদ্দ হওয়া ওই স্পেক্ট্রামের জন্য বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অতিরিক্ত ৩৮৪ কোটি টাকা দাবি করে বলে গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। ২০০৮-এ ১৮ বছরের জন্য বরাদ্দ পাওয়া ৭ দশমিক ৪ মেগাহার্টজের ওই স্পেক্ট্রামের জন্য মার্কেট কম্পিটিশন ফ্যাক্টরের ওপর ভিত্তি করে ওই টাকা দাবি করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে জিপির আইনজীবী বুধবার বলেন, চিঠিতে ২শত ৩৬ দশমিক ৮ কোটি টাকা অতিরিক্ত দাবি করা হয়। বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে ওই অংশের কার্যকারিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চায় আদালত। বিটিআরসির চেয়ারম্যানসহ এই সংস্থার ছয়জনকে এর জবাব দিতে বলা হয়। গ্রামীণফোনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব। মেহেদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ অক্টোবর গ্রামীণফোনকে দেওয়া এক চিঠিতে বিটিআরসি লাইসেন্স নবায়ন ও স্পেক্ট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ৩ হাজার ৬ শত ২৪ দশমিক শূন্য তিন কোটি টাকা পরিশোধ করতে বলে। চিঠিতে ওই টাকা থেকে ভ্যাট ও কর না কাটতে বলা হয়। তিনি বলেন, "২০০৮ সালে গ্রামীণফোনকে বরাদ্দ দেওয়া স্পেকট্রাম ফির বিপরীতে বিটিআরসি ২শত ৩৬ দশমিক ৮ কোটি টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।" রুলের জবাব ও স্থগিতাদেশের সময়সীমা কোনো পক্ষের আইনজীবী জানাতে পারেননি। তারা বলেন, আদালতের লিখিত আদেশ তারা এখনো হাতে না পাওয়ায় সময়সীমা জানাতে পারছেন না। "আদালত একইসঙ্গে ওই চিঠিতে দাবি করা ভ্যাট ও করের বিষয়টি ২০১০ সালের ৩০ জুন জারি করা এসআরও অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে" জানিয়ে মেহেদি হাসান বলেন, "এসআরও অনুযায়ী ব্যবস্থা নিলে ওই টাকা বিটিআরসি দাবি করতে পারে না। গ্রামীণফোন সরাসরি তা পরিশোধ করবে।" "এছাড়া আদালত লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যথাযথভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছে।", যোগ করেন তিনি। আদালতে ব্যারিস্টার ফজলে নূর তাপসও গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন। তিনি সাংবাদিকদের বলেন, "আইন অনুযায়ী ভ্যাট-কর গ্রহণ করবে এনবিআর। কিন্তু বিটিআরসি অবৈধভাবে এই টাকা দাবি করেছে। এই বিষয়ে আদালত আইন অনুসরণের নির্দেশ দিয়েছে।" রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে তিন হাজার ৩৪ কোটি পরিশোধ করতে বিটিআরসি গত ৩ অক্টোবর আরেকটি চিঠি দিয়েছিল গ্রামীণফোনকে। ওই চিঠিতে দেওয়া সময় শেষ হয় সোমবার। ইতিমধ্যে গত ২০ অক্টোবর গ্রামীণফোনের আবেদনের ভিত্তিতে বিটিআরসির ওই চিঠির ওপর আট সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৪৫ ঘ.