২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শতাংশ প্রবৃদ্ধি অনিশ্চিত: বিশ্বব্যাংক

চলতি অর্থবছর বাংলাদেশ লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যদিও অর্থমন্ত্রী বলছেন, এ লক্ষ্য অবশ্যই অর্জিত হবে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 10:43 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছর বাংলাদেশ লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যদিও অর্থমন্ত্রী বলছেন, এ লক্ষ্য অবশ্যই অর্জিত হবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, গত দুই বছরে ফসলের বাম্পার ফলন; শিল্প, সেবা ও নির্মাণ খাতে ভালো প্রবৃদ্ধি গত (২০১০-১১) অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। "কিন্তু আন্তর্জাতিক ও স্থানীয় ঝুঁকির মধ্যে চলতি ২০১১-১২ অর্থবছরে কি পরিমাণ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে তা অনিশ্চিত।" অন্যদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জোর দিয়ে বলেছেন, চলতি বাজেটে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা অর্জিত হবে। মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রী বলেন, "আমি আগেও বলেছি, এখনও বলছি- চলতি অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে।" ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ললিতা মরটিকে উদ্ধৃত করে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, "এই মূহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়টি ভালোভাবে হওয়া খুবই জরুরি। সম্প্রসারণমূলক অর্থনৈতিক ব্যবস্থাপনা নীতি দেশের অর্থনীতিতে ঝুঁকি আরও বাড়াবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা কঠিন হবে।" এর জবাবে অর্থমন্ত্রী বলেন, "বাজেট বক্তৃতায় আমি ঝুঁকির কথা বলেছি। অর্থনীতিতে ঝুঁকি থাকবে। সে ঝুঁকি মোকাবিলা করেই আমরা চলতি অর্থবছরে কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।" ঝুঁকি মোকাবিলা করে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কীভাবে সম্ভব- এমন প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "অবশ্যই ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যে সব ঝুঁকি আছে- তা আগামী কয়েক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।" বিশ্বব্যাংক নিয়মিতভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে সেই পূর্বাভাস পর্যালোচনা করতেও দেখা গেছে আন্তর্জাতিক সংস্থাটিকে। তবে এবারই প্রথম তারা 'অনিশ্চিত' শব্দটি ব্যবহার করেছে। ২০০৩-০৪ অর্থবছর থেকে বাংলাদেশে ৬ শতাংশের কাছাকাছি বা তার বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আসছে। ২০০৩-০৪ অর্থবছরের ৬ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি ২০০৪-০৫ অর্থবছরে কমে হয় ৫ দশমিক ৯৬ শতাংশ। এরপর ২০০৮-০৯ অর্থবছর ছাড়া প্রতিবারই ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৭৪ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির নিকট ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির উপর। বিশ্ব পরিস্থিতির আলোকে সরকার স্থানীয়ভাবে কি নীতি ও ব্যবস্থাপনা গ্রহণ করে- তার উপরও নির্ভর করছে দেশটির অর্থনীতির ভবিষ্যৎ। রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলে গত অর্থবছরের শক্তিশালী অবস্থান বাংলাদেশ ধরে রাখতে পারবে উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, ভারতের বাজারে ৪৬টি গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রাখতে পারে। তবে পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ইতিবাচক প্রবৃদ্ধিও অব্যাহত থাকতে হবে। তাছাড়া বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামো খাতের সমস্যা, বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। গত সেপ্টেম্বরের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় ৪৬টি বাংলাদেশি গার্মেন্ট পণ্যকে ভারতের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দেন। সরকারকে সতর্ক করে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক মন্দা বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) চাপ পড়তে পারে। অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগ ও প্রবৃদ্ধি কমে যেতে পারে। টাকার মান কমে যাওয়ায় সার্বিক অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে খাদ্য ও জ্বালানি তেলের দাম কমে আসায় বাংলাদেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, "জ্বালানি সমস্যা ও অবকাঠামো খাতের দুর্বলতার কারণে বাংলাদেশে রপ্তানি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর তেমন হলে জিডিপি প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখা কঠিন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২৩২ ঘ.