২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে চাঁদাবাজি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আযহায় কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহায় কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি ও সন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "ঈদের সময় কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।" বিক্রেতাদের কোনো নির্দিষ্ট পশুর হাটে বসতে বাধ্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "পশু বিক্রেতারা যেন স্বচ্ছন্দে তাদের পছন্দমতো হাটে যেতে পারেন তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এসব হাটে দুর্ভোগ ও হয়রানি রোধে কাজ করবেন। ঈদে হাট চলাকালীন এক সপ্তাহ এ ব্যবস্থা চলবে।" চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ৭ অক্টোবর বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। চামড়া পাচার বন্ধে সীমান্তে কড়াকড়ি সাহারা খাতুন বলেন, "কোরবানীর পশুর চামড়া পাঁচার রোধে সীমান্ত এবং নদীপথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য বিজিবি এবং কোস্ট গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।" এছাড়া ঢাকার কোরবানীর পশুর চামড়া ঢাকার বাইরে যাওয়া বন্ধের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "ঈদের পরে এক মাস পর্যন্ত সীমান্তগুলোতে চামড়া পাচারের ব্যাপারে কড়াকড়ি থাকবে। যাতে অত্যন্ত মূল্যবান চামড়া প্রতিবেশি দেশে পাচার হতে না পারে।" জালটাকা রোধে ব্যবস্থা কোরবানীর বাজারে জাল টাকার বিস্তারের আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স¤প্রতি জাল টাকার ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। ঈদের বাজারে এ টাকা আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারে। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।" তিনি বলেন, "অত্যন্ত কম টাকায় জাল টাকা শনাক্তের মেশিন কেনা সম্ভব। এজন্য বাজার-সংশ্লিষ্টদের এ মেশিন কিনে জাল টাকার চেনার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে।" "জাল টাকাসহ কেউ ধরা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।", যোগ করেন মন্ত্রী। ঈদের আগে টাকা আনা-নেওয়ায় পুলিশি সহায়তা নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বেতন ও বোনাস নিয়ে অস্থিরতা এড়াতে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস ঈদের আগেই পরিশোধ করার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ঈদে বাড়ি ও শপিং মলের নিরাপত্তা সাহারা খাতুন বলেন, ঈদের সময় বেশিরভাগ মানুষই ঢাকা শহর ছেড়ে নিজ নিজ গ্রামে যাবেন। শপিং মলসহ দোকান মালিকরাও দীর্ঘ সময়ের জন্য দোকানপাট বন্ধ রাখবেন। এ সময় পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক টহল জোরদার রাখবে। "তবে যারা বাড়ি বা দোকানপাট ছেড়ে বাইরে যাবেন, তাদেরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে।" মন্তব্য করে মন্ত্রী বলেন, "কারণ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা ঝুঁকি নাও কমাতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/পিডি/১৭৪৮ ঘ.