২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ব্যাংকঋণ লক্ষ্যমাত্রা ছাড়াবে না: মুহিত

অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা সীমা অতিক্রম করবে না। গতবারও করেনি। এবারও করবে না।" অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "বাজেট ঘাটতি পূরণের জন্য আমরা অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ৪৩ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছিলাম। আশা করছি এ সীমা অতিক্রম করবে না।" চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ১০০ দিনেই সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে সংবাদপত্রে 'অযথা' হৈ চৈ হচ্ছে বলে গত ১৬ অক্টোবর মন্তব্য করেন অর্থমন্ত্রী মুহিত। গত ২০১০-১১ অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকায় পৌঁছায়। চলতি অর্থবছরে সরকার মোট ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা বিদেশি ঋণ পাবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬২৭ কোটি টাকা চলে যাবে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে। সেক্ষেত্রে সরকারের নিট বৈদেশিক ঋণের পরিমাণ হবে ১৩ হাজার ৫৮ কোটি টাকা। গত অর্থবছরের বাজেটে ১৫ হাজার ৯৬৮ কোটি টাকা বিদেশি ঋণ হিসেবে পাওয়ার লক্ষ্যমাত্রা ধরেছিল সরকার, শেষ পর্যন্ত সংশোধিত বাজেটে তা ১০ হাজার ৯২০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। 'আন্তর্জাতিক চাপে মূল্যস্ফীতি' আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বেশি হওয়ার কারণেই মূল্যস্ফীতি বাড়ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "আমাদের চালের সরবরাহ খুবই ভালো। বিদেশ থেকে আর চাল আমদানি করতে হবে না। তবে দাম বাড়ছে। এর প্রধান কারণ আন্তর্জাতিক চাপ। বিশ্ববাজারে চালের দাম বেশি হওয়ায় এর প্রভাব আমাদের স্থানীয় বাজারেও পড়ছে।" "তবে সুসংবাদ হচ্ছে- জ্বালানি তেলের দাম কমে আসছে। লিবিয়ায় শান্তি ফিরে আসলে আরও কমবে। সেক্ষেত্রে মূল্যস্ফীতিও কমে আসবে।", যোগ করেন মুহিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯৭ শতাংশ। ' আমদানির কারণে লেনদেনের ভারসাম্যে চাপ ' অর্থমন্ত্রী বলেন, "আমদানি ব্যয় বাড়ার কারণে লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) চাপ পড়েছে।" "আর এ চাপের কারণে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার মান কমছে।" পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "গত অর্থবছরে ৩১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। আর রপ্তানি হয়েছে ২২ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল। আর রপ্তানির পরিমাণ ছিল ১৬ বিলিয়ন ডলার। এই যে বিশাল গ্যাপ (ঘাটতি)। এই গ্যাপের কারণেই ব্যালান্স অব পেমেন্টে চাপ পড়ছে।" 'এক বছর পর বিদ্যুৎ সমস্যা থাকবে না' একবছর পর বিদ্যুৎ সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বড় বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি বেসরকারি রেন্টাল পাওয়ার প্লান্টের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।" রোববার সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ ধরনের তিনটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ তিন বছর করে বাড়ানো হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "বিদ্যুৎ সমস্যার সমাধান হলে দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়বে।" "তবে গ্যাস সমস্যার সমাধানের ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৩৬ ঘ.

এ সম্পর্কিত আরো খবর

• অযথাই হৈ চৈ: মুহিত