২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশিয়ার উন্নয়নে পাঁচ বাধা: মুহিত

খাদ্যপণ্যের উচ্চমূল্য ও জ্বালানি খাতসহ পাঁচটি বিষয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে বাধা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যপণ্যের উচ্চমূল্য ও জ্বালানি খাতসহ পাঁচটি বিষয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে বাধা বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার এ অনুষ্ঠানে তিনি বলেন, "দক্ষিণ এশিয়ায় খাদ্যপণ্যের দাম একটি বড় সমস্যা। এ জন্য সবচেয়ে বেশি মাশুল দিতে হয় দরিদ্র মানুষকে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এ অঞ্চলের দেশগুলোকে একযোগে কাজ করতে হবে।" "সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে গরীব মানুষদের পাশে দাঁড়াতে হবে।", বলেন মুহিত। জ্বালানি খাতের উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, "জ্বালানি খাতের উন্নয়ন করতে হবে। কিন্তু সেটা কীভাবে করতে হবে সেটা ঠিক করতে হবে। পানিবাহিত বিদ্যুৎ নিয়ে বিতর্ক আছে। এক্ষেত্রে পরিবেশের ক্ষতির বিষয়টি এখন আলোচনায় এসেছে। সোলার এনার্জি (সৌর বিদ্যুৎ) নিয়ে বেশ আলোচনা হচ্ছে। জ্বালানি তেলের দাম বেশি।" এ অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, "বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অবশ্যই প্রয়োজন।" জনশক্তি রপ্তানি আরেকটি সমস্যা উল্লেখ করে তিনি বলেন, "এ বিষয়টিকে সবাইকে অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে।" রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুদিনব্যাপী 'চতুর্থ সাউথ এশিয়া ইকনোমিক সামিট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এর আয়োজক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি'র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, শ্রীলংকার ইন্টারন্যাশনাল মনিটরি কো-অপারেশন মন্ত্রী সরত আমুনুগামা, সার্কের সাবেক মহাসচিব মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ইব্রাহিম হোসাইন জাকি, আফগানিস্তানের প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা সাম এল বাতিজা, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড রিজিওনাল কো-অপারেশনের প্রধান এডউইন লরেন্ট, এসকাপ'র সাউথ ও সাউথ ওয়েস্ট এশিয়ার পরিচালক নগেস কুমার, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি নেল ওয়ালকার ও সিপিডি'র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৭৪৫ ঘ.