ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার সাড়ে আট লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে। আর এ থেকে সরকার কর পেয়েছে এক হাজার ১১৪ কোটি টাকা।
এ সংখ্যা গতবারের চেয়ে দেড় লাখ বেশি।
নিয়ম মেনে যথাযথ কারণ দেখিয়ে পড়ে রিটার্ন জমা দেবেন- এ মর্মে সময় চেয়ে আবেদন করে আরো দুই লাখের বেশি করদাতার আবেদন মঞ্জুর করেছে এবিআর।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'নেম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু প্রতিবারের মতো এবার রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়।
গতবার মেয়াদ বাড়ানো হয়েছে ছিল এক সপ্তাহ। এবার বাড়ানো হয় দুই সপ্তাহ। বর্ধিত সময়সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর ছিল আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ দিন।
সৈয়দ মু'নেম জানান, চলতি করবর্ষে (২০১১-১২) ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে আট লাখ ৫১ হাজার ৪৫২ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) তাদের রিটার্ন জমা দিয়েছেন। গত বছর ছয় লাখ ৭৫ হাজার ২৪২ জন টিআইএনধারী তাদের বিবরণী জমা দিয়েছিলেন।
তবে এবার গতবারের চেয়ে কমসংখ্যক ব্যক্তি আয়কর বিবরণী জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছেন। এবার দুই লাখ পাঁচ হাজার ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করেছেন। গতবার দুই লাখ ৩০ হাজারের বেশি ব্যক্তি সময় বাড়ানোর আবেদন করেছিলেন।
সাধারণত সময় বাড়ানোর আবেদন যারা করেন নিশ্চিতভাবেই তারা আয়কর বিবরণী জমা দেবেন বলে ধরে নেয় আয়কর বিভাগ। সেই হিসাবে এবার আয়কর বিবরণী জমার হিসাব ধরা হয়েছে ১০ লাখ ৫৬ হাজার ৪৫২ জন।
গতবার সময় বাড়ানোর আবেদনসহ বিবরণী জমা দিয়েছিলেন নয় লাখ দুই হাজার পাঁচজন।
এবার রিটার্ন জমা বাবদ মোট আয়কর পাওয়া গেছে এক হাজার ১১৪ কোটি টাকা। গতবার এ খাত থেকে রাজস্ব এসেছিল ৯৭২ কোটি টাকা। এ হিসাবে এবার আয় বেড়েছে ১৪২ কোটি টাকা।
এ বছর সবচেয়ে বেশি ৮১ হাজার ৪০০ রিটার্ন জমা পড়েছে ঢাকার কর অঞ্চল-৬ এ। এর পরের স্থানে রয়েছে ঢাকার কর অঞ্চল-১, রিটার্ন জমার সংখ্যা ৭৮ হাজার ৮৭৫। তৃতীয় স্থানে থাকা কর অঞ্চল-২, রিটার্ন জমা পড়েছে ৭৬ হাজার ১৯৫টি।
ঢাকার বাইরে কর অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন জমা পড়েছে রাজশাহী কর অঞ্চলে। এই কর অঞ্চলে ৭৫ হাজার ২৭১ জন টিআইএনধারী তাদের রিটার্ন জমা দিয়েছেন। এর পরে চট্টগ্রাম কর অঞ্চল-১, রিটার্ন জমা পড়েছে ৫৫ হাজার ৯২৫টি।
এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) এম এ কাদের সরকার বলেন, "যারা নির্ধারিত সময়ে রিটার্ন জমা দেননি বা সময় বাড়ানোর আবেদন করেননি তাদের এখন জরিমানা দিয়ে রিটার্ন জমা দিতে হবে।"
এ সংক্রান্ত বিধান অনুযায়ী এক হাজার পাশাপাশি প্রতি দিনের জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/০০০৫ ঘ.
bdnews24