২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাড়তি' টাকার ব্যাখ্যা দিয়ে গ্রামীণফোনকে চিঠি

টু-জি লাইসেন্স নবায়ন নীতিমালা মেনেই গ্রামীণফোনের কাছ থেকে ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে জানিয়ে গ্রামীণফোনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টু-জি লাইসেন্স নবায়ন নীতিমালা মেনেই গ্রামীণফোনের কাছ থেকে ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে জানিয়ে গ্রামীণফোনকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ২০০৮ এর বরাদ্দকৃত স্পেকট্রামের ওপর মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়েই ৩৮৪ কোটি টাকা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮-এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ পায় গ্রামীণফোন। তখন লিখিত চুক্তি হয় ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য ম্পেকটার্মের জন্য কোনো চার্জ নেওয়া হবে না। তবে একইসঙ্গে টু-জি লাইসেন্স নাবায়ন নীতিমালায় উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২০০৮ এ বরাদ্দকৃত স্পেকট্রাম এর ফি ছাড়া অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নেওয়া যাবে। চিঠি পাওয়ার কথা জানিয়ে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন্স অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠিটি পরীক্ষা ও মূল্যায়ন করে বিটিআরসিকে জানানো হবে। টু-জি লাইসেন্স নবায়নে সোমবার গ্রামীণফোনসহ চার মোবাইল অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে চিঠি পাঠানোর পরদিন মঙ্গলবার টু-জি লাইসেন্স নবায়নে 'বাড়তি' ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন- বিটিআরসিকে চিঠি পাঠায় গ্রামীণফোন। দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটিং কোম্পানি গ্রামীণফোনের দাবি, লাইসেন্স নবায়নে স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দেওয়ার জন্য পাঠানো চিঠিতে তাদের ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়ে ৩৮৪ কোটি টাকা দাবি করা হয়েছে। গ্রামীণফোন বলে, প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮-এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ পায় গ্রামীণফোন। তখন লিখিত চুক্তি হয় যে ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো চার্জ নেওয়া হবে না। দেনা-পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির দ্বন্দ্ব চলছিলো। এর মধ্যেই সোমবার নতুন করে টু-জি লাইসেন্স নবায়নে অর্থের হিসাব নিয়ে মতান্তর হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮৫৯ ঘ.