ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমালোচনার মধ্যেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, দেশের অর্থনীতি ভালো অবস্থায়ই রয়েছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরো উন্নতি আশা করছেন তিনি।
পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে বুধবার অর্থ মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতির চালচিত্র নিয়ে কথা বলেন মন্ত্রী। তবে পুঁজিবাজার নিয়ে নতুন করে কোনো কথা বলতে রাজি হননি তিনি।
মুহিত বলেন, "সংবাদ মাধ্যম ও সিভিল সোসাইটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অযথা সমালোচনা করছে, যা নেতিবাচক ও হতাশাজনক। অর্থনৈতিক অবস্থা ভালো। তবে ঝুঁকি আছে। বাজেটেও আমি এ ঝুঁকির কথা বলেছিলাম।"
আগামীতে অর্থনীতির সূচকগুলো ভালো হয়ে যাবে, আশা প্রকাশ করেন তিনি।
গত কিছু দিন ধরে অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলো। এছাড়া আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় লেনদেনের ভারসাম্যও অর্থনীতিকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে বলে মত জানিয়েছেন অনেকে।
পুঁজিবাজার নিয়ে সঙ্কটের মধ্যে অর্থনৈতিক অবস্থা 'ভালো' হিসেবে চিহ্নিত করার ব্যাখ্যা চাইলে মুহিত বলেন, "পুঁজিবাজার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।"
পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি এক দিন আগেই বলেন, এ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সম্ভব তা তিনি জানেন না।
বাজেটে ঘোষিত ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সমস্যা হবে না দাবি করে অর্থমন্ত্রী বলেন, "ভর্তুকি একটা বড় ধাক্কা। বৈদেশিক লেনদেনের ভারসাম্য (বিওপি) একটা সমস্যা। এগুলো মোকাবিলার জন্য পদক্ষেপ নিচ্ছি।
"মূল্যস্ফীতি যে স্তরে আছে, তা আগামীতে নিচে নেমে আসবে। কারণ আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম কমছে। লিবিয়ার অশান্তি দূর হলে জ্বালানি তেলের দাম আরো কমবে।"
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে অর্থমন্ত্রী বলেন, "টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় বেড়ে গেছে। এতে লেনদেনের ভারসাম্যে চাপ পড়েছে।"
"সেপ্টেম্বর মাস সরকারের জন্য সব সময়ই খারাপ মাস। সামনের মাসগুলোতে পরিস্থিতির উন্নতি হবে," বলেন তিনি।
রপ্তানি আয় নিয়ে পত্র-পত্রিকায় ভুল খবর ছাপা হচ্ছে দাবি করে মুহিত বলেন, "চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয়ে ২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এরপরও লেখা হচ্ছে রপ্তানি আয় কমেছে।"
তিনি বলেন, "আমরা অনেক ভর্তুকি দিচ্ছি। এই ভর্তুকি কীভাবে সীমার মধ্যে রাখা যায় সে চেষ্টা করছি। ভর্তুকি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছিলাম। সেই বিবেচনায় জ্বালানি তেল ও সারের দাম বাড়ানো হয়েছে।"
বিদ্যুৎ খাতে ভর্তুকি শক্ত ধাক্কা উল্লেখ করে মন্ত্রী বলেন, "আমরা যে পদক্ষেপ নিচ্ছি, তাতে ২০১৪ সালের পর এ খাতে আর ভর্তুকি দিতে হবে না।"
বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথাও শুনিয়েছেন মুহিত।
বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে সরকার কাজ করছে না- এ অভিযোগ সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, "রেন্টাল পাওয়ার প্লান্টের পাশাপাশি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যাপারেও জোর দিচ্ছি। কয়লাভিত্তিক বিদ্যুৎ স্থাপনের বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি।"
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগের যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, "মঙ্গলবার একনেকের বৈঠকে পিপিপি'র আওতায় একটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এবারের বাজেটে এ খাতে তিন হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সম্ভবত এ বরাদ্দ বাড়াতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24