ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়াত্ত কল-কারখানায় শ্রমিকদের মজুুরি ৭০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় মজুরি কমিশন।
এ বিষয়ে কমিশন গঠিত কমিটি বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়।
শ্রমিকদের মাসিক সর্বনিু বেতন এখনকার ২ হাজার ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে এ প্রতিবেদনে।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
২০০৫ সালের পর রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা বাড়েনি। চলতি বছরের প্রথম দিকে সাবেক সচিব মোহাম্মদ মায়া আলমকে প্রধান করে মজুরি কমিশন গঠন করে সরকার।
মায়া আলম সাংবাদিকদের বলেন, "দেশের বর্তমান ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।"
তিনি জানান, রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে এক লাখের বেশি শ্রমিক কাজ করছে। সরকারের পাঁচটি সংস্থার আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে এ সব শ্রমিক কাজ করছে।
সংস্থা পাঁচটি হচ্ছে- বাংলাদেশ পাট শিল্প সংস্থা, রসায়ন শিল্প সংস্থা, চিনি ও খাদ্য শিল্প সংস্থা, বন শিল্প সংস্থা ও বাংলাদেশ ইস্পাত ও স্টিল মিল করপোরেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/১৯১০ ঘ.
bdnews24