২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশুল দিতে দিল্লি রাজি: রাজীত মিত্র

পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে মাশুল দিতে নয়া দিল্লি রাজি বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার রাজীত মিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টেবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে মাশুল দিতে নয়া দিল্লি রাজি বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার রাজীত মিত্র। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর রাজীত মিত্র এ কথা বলেন। ভারতীয় দূতের দায়িত্ব নিয়ে তিনি ২০০৯ সালের ডিসেম্বরে ঢাকায় আসেন। ট্রানজিটের মাশুল দিতে রাজি হওয়ার কথা ভারতের বাণিজ্যমন্ত্রী তার ঢাকা সফরের সময় জানিয়ে গিয়েছিলেন- এ কথা জানিয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার সাংবাদিকদের বলেন, "আমি বলতে চাই- ব্যবসায়ীরাই ঠিক করবে, তারা রুট ব্যবহার করবে কি না। "যদি মাশুল বেশি হয়, তাহলে তারা বলতে পারে যে এ পথ তারা ব্যবহার করবে না।" ট্রানজিটের ফি নির্ধারণের বিষয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত আশা করছেন, আগামী মার্চ মাসের মধ্যে তা চূড়ান্ত করা যাবে। ট্রানজিট বিষয়ক কমিটির প্রতিবেদন প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, "এখনো আমরা চূড়ান্ত প্রতিবেদন পাইনি। কিন্তু গণমাধ্যমে জেনেছি, তারা প্রতিবেদন চূড়ান্ত করেছে। আমরা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে অলোচনা করবো।" ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি কার্যকরের আগে চার থেকে ছয়টি পরীক্ষামূলক চালান বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য থেকে পূর্বাঞ্চলে যাচ্ছে। আশুগঞ্জ দিয়ে ট্রান্সশিপমেন্টের বিষয়ে রাজীত মিত্র বলেন, "এটা নতুন কিছু নয়। এর মধ্য দিয়ে বাণিজ্য সম্পর্ক স¤প্রসারিত হবে।" ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ লাভবান হবে দাবি করে তিনি বলেন, "চট্টগ্রামে আমি চেম্বার নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দিতে তারা আগ্রহী।" তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে বিদায়ী হাইকমিশনার বলেন, "আমাদের একটু সময় দিন।" সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়। "ন্যায়সঙ্গত একটি চুক্তির জন্য দু'পক্ষই সর্বাতœক চেষ্টা চালাবে," বলেন রাজীত। বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে আরো দৃঢ় হয়েছে বলে মনে করেন বিদায়ী হাইকমিশনার। তিনি বলেন, "গত দুই বছরে যা হয়েছে, তা আগের পাঁচ বছরেও তা হয়নি। শীর্ষ পর্যায়ে দুটি বৈঠক ঢাকা এবং দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।" "বাংলাদেশ-ভারত যাতে পারস্পারিকভাবে লাভবান হতে পারে আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি," বলেন তিনি। দুই বছরে থাকার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথাই ঘুরেফিরে বলেন রাজীত মিত্র। "এটা ছিলো আমার নিজের বাড়ির মতো এবং আমি অনেক জায়গায় বেড়িয়েছি। ঢাকার বাইরে পা রাখলেই সৌন্দর্যে প্রাণ জুড়িয়ে যায়। আমরা নৌকায় চড়ে নদীতে অনেক সময় পার করেছি এবং তখন দেখেছি এ দেশের সৌন্দর্য," বলেন রাজীত। বাংলাকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রচনার কথা স্মরণ করেন কলকাতার রাজীত। বলেন, "বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়েই আমি ভারতে ফিরে যাচ্ছি।" পেশাদার কূটনীতিক রাজীত ১৯৭৭ সালে ভারতের পররাষ্ট্র বিভাগে যোগ দেন। কাজ করেছেন বাগদাদ, লন্ডন, বেলগ্রেড দূতাবাসে। বাংলাদেশে আসার আগে বসতোয়ানা ও ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন তিনি। কেমব্রিজ থেকে ইতিহাসে পোস্ট গ্র্যাজুয়েশন করা রাজীতের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজে। তার স্ত্রী কবিতা মিত্র। তারা আশীষ ও রাধিকা নামে দুই সন্তানের জনক-জননী। আগামী ১ নভেম্বর রাজীত ভারতে ফিরে যাচ্ছেন। তবে ঢাকায় নতুন হাই কমিশনারের নাম এখনো ঘোষণা করেনি নয়াদিল্লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এমআই/১২১৬ ঘ.