ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে 'বাড়তি' ৩৮৪ কোটি টাকা চাওয়ার ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন- বিটিআরসিকে চিঠি পাঠিয়েছে গ্রামীণফোন।
লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির টাকা চেয়ে চিঠি পাঠানোর পরদিন মঙ্গলবার বিটিআরসিকে ফিরতি চিঠি পাঠানো হয় বলে গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন্স অফিসার কাজি মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটিং কোম্পানি গ্রামীণফোনের দাবি, লাইসেন্স নবায়নে স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দেওয়ার জন্য পাঠানো চিঠিতে তাদের ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়ে ৩৮৪ কোটি টাকা দাবি করা হয়েছে।
মনিরুল বলেন, প্রতি মেগাহার্টজ ৮০ কোটি টাকা করে ২০০৮-এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য বরাদ্দ পায় গ্রামীণফোন। তখন লিখিত চুক্তি হয় যে ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো চার্জ নেওয়া হবে না।
গ্রামীণফোনের চিঠি পেয়েছেন কি না- জানতে চাওয়া হলে বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল পর্যন্ত গ্রামীণফোনের কোনো চিঠি তারা পাননি।
টু-জি লাইসেন্স নবায়নে সোমবার গ্রামীণফোনসহ চার মোবাইল অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি।
দেনা-পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির দ্বন্দ্ব চলছিলো। এর মধ্যেই সোমবার নতুন করে টু-জি লাইসেন্স নবায়নে অর্থের হিসাব নিয়ে মতান্তর হলো।
একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এরপর গ্রামীণফোন ওই নিরীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে।
এরপর চিঠি চালাচালি করে বৈঠক হলেও তাতে কোনো ফল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24