২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশে সয়লাব বরিশালের মোকাম

সরকারের ১১ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রচুর ইলিশ মাছ এসেছে বরিশাল নগরীর পোর্ট রোডের মোকামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

বরিশাল, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ১১ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রচুর ইলিশ মাছ এসেছে বরিশাল নগরীর পোর্ট রোডের মোকামে। হঠাৎ এ বিপুল সরবরাহের কারণে ইলিশের দামের ব্যাপক পতন হয়েছে। সোমবার মোকামে পাঁচ থেকে ছয় হাজার মণ ইলিশ মাছ উঠেছে বলে ব্যবসায়ী, জেলে ও শ্রমিকরা জানিয়েছে। মোকামে মাছ নিয়ে আসা এফবি নূরজাহান ট্রলারের জেলে নূর হোসেন বলেন, ছোটবড় মিলিয়ে অন্তত দুইশ' ট্রলার মাছ নিয়ে মোকামে এসেছে। বড় ট্রলারগুলোতে এক থেকে দেড়শ' এবং ছোট ট্রলারে ৫০ থেকে একশ' মণ করে ইলিশ মাছ এসেছে। সে হিসাবে অন্তত ৫/৬ হাজার মণ ইলিশ মাছ এসেছে মোকামে। মোকামে এভাবে আরো ১৫ দিন মাছ আসবে বলে আশা করছেন তিনি। আড়তদার মতলেব অ্যান্ড কোম্পানির আরিফ সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলসি সাইজ (৫০০-৯০০ গ্রাম) ইলিশ মাছের মণ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। নিষেধাজ্ঞার আগে এর মণ ছিলো ২২ হাজার টাকা। গ্রেট সাইজ (এক কেজি থেকে এক কেজি ২০০ গ্রাম) বিক্রি হয়েছে ১৮ হাজার টাকা মণ, যা পূর্বে ছিলো ২৪ হাজার টাকা। তিনি জানান, সাড়ে আট হাজার টাকা দরের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকায়। গ্রেটের উপরের সাইজের ইলিশের মণ বিক্রি হচ্ছে ৪০ হাজার টাকায়। এগুলো আগে বিক্রি হতো ৬২ থেকে ৬৫ হাজার টাকায়। আশ্বিনী পূর্ণিমার দিন এবং আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন ইলিশ প্রধান প্রজনন মৌসুম ধরা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশের প্রজনন নিবিঘœ করতে ৬-১৬ অক্টোবর ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে। বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, যে পরিমাণ ইলিশ মাছ আশা করা হয়েছিলো, তার চেয়ে বেশি এসেছে। মোকামে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে প্রচুর ইলিশ পাওয়া যাবে বলে জানান টুটুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩৫৩ ঘ.