চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে জিরি সুবেদার শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিকসহ চার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সোমবার সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন।
এতে জিরি সুবেদারের মালিক লোকমান হাকিম, তার ভাই মো. সৈয়দ, ইয়ার্ডের শিফট ইনচার্জ লোকমান ও ফোরম্যান আলতাফ হোসেনকে আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে এ মামলা হয়েছে। এতে চার জনকে আসামি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিল নামক শিপব্রেকিং ইয়ার্ডে কার্বন ডাই অক্সাইড গ্যাস সিলিন্ডারের গ্যাস কোনো ধরনের সুরক্ষা ছাড়াই বের করার সময় বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যু হয়।
এ ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলমের নেতৃত্বে একটি দল সোমবার ইয়ার্ড পরিদর্শন শেষে এটিকে ২৫ লাখ টাকা জরিমানা করে।
সীতাকুণ্ডে বিভিন্ন শিপইয়ার্ডে দুর্ঘটনায় এর আগেও শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানে অনিরাপদ পরিবেশে কাজ করা নিয়ে বিভিন্ন সংগঠন সমালোচনা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৪০ ঘ.
bdnews24