ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক চালককে বিজিবি সদস্যের মারধরের জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পাঁচঘণ্টা ধর্মঘট করেছে শ্রমিকরা।
সোমবার সকাল পৌনে ১০টায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।
পরে অভিযুক্ত বিজিবি সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে বিকাল ৩টায় আবার কাজে যোগ দেয়।
বিজিবি'র ১ নম্বর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, বিজিবি'র অভিযুক্ত সদস্যকে আখাউড়া স্থলবন্দর বিওপি থেকে প্রত্যাহার করার পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
স্থানীয় ট্রাক চালক সমিতির সভাপতি স্বপন সরকার জানান, সুজন নামের এক চালক সকাল সাড়ে ৯টার দিকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে ট্রাক নিয়ে ত্রিপুরা সীমান্তের দিকে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটকালে দু'পক্ষের মধ্যে কথা কাটাকটি হয়।
এক পর্যায়ে এক বিজিবি সদস্য সুজনকে মারধর করলে তাৎক্ষণিকভাবে শ্রমিকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে ধর্মঘট শুরু করে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, শ্রমিকদের ধর্মঘটের কারণে ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
এদিকে ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্টরা কর্মবিরতি শুরু করায় সোমবার সকাল থেকে বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
পেট্রাপোল বন্দরে শুল্ক কমকর্তাদের হয়রানির প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বলে ওই বন্দরের সিএন্ডএফ কর্মকর্তারা জানান।
পেট্রাপোল বন্দর সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেট্রাপোল বন্দরের শুল্ক কমকর্তারা আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়নের সময় দীর্ঘদিন যাবত অহেতুক হয়রানি করে আসছে।
"বারবার অভিযোগ করার পরও কোনো প্রতিকার না পেয়ে আমরা অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু করেছি," বলেন তিনি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার মঞ্জরুল হক জানান, পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা কর্মবিরতি শরু করায় সোমবার দু'দেশের মধ্যে আমদানি ও রপ্তানি হয়নি।
এতে উভয় সীমান্তে শতশত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫১ ঘ.
bdnews24