আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি নিয়ে মোটেও চিন্তিত নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ নিয়ে সংবাদপত্রে 'অযথা' হৈ চৈ হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
অর্থমন্ত্রী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল্যস্ফীতি নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমি চিন্তিত বিনিয়োগ নিয়ে। বিনিয়োগের যে চাহিদা, আমরা (সরকার) তা পূরণ করতে পারছি না।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিলো ১১ দশমিক ৯৭ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
মূল্যস্ফীতির এ হার নিয়ে আপনি চিন্তিত কি না- এ প্রশ্নের উত্তর কিছুটা বিরক্তিভরেই দিলেন অর্থমন্ত্রী- "মোটেই না। মূল্যস্ফীতি নিয়ে আমি চিন্তিত নই। কারণ পৃথিবীর সব দেশেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে সব জিনিসের দাম বেশি। যার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।"
"মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রিসহ নানা ধরনের তৎপরতা চালানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রানীতির মাধ্যমে চেষ্টা করছে। আশা করছি, আগামীতে মূল্যস্ফীতির চাপ কমে আসবে," বলেন তিনি।
বর্তমানে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের অতিরিক্ত ঋণ নেওয়ার প্রবণতা দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৮ হাজার ১৩০ কোটি ৫৮ লাখ টাকা ঋণ নিয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ হাজার ১২১ কোটি ৭৬ লাখ টাকা বেশি।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের লোন (ঋণ) নিয়ে অযথা হৈ চৈ হচ্ছে। এটা ঠিক নয়। বাজেটে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা ধরা আছে- সেই টার্গেটের মধ্যেই আছে।"
বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে থাকে। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু তিন মাসেই প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার।
গত ২০০১০-১১ অর্থবছরের বাজেটে ব্যাংক থেকে ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা বেড়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকায় গিয়ে দাঁড়ায়।
অন্যদিকে চলতি বাজেটে বিদেশি উৎস থেকে ১৩ হাজার ৫৮ কোটি টাকার নিট ঋণ আসবে বলে ধরা হয়েছে। অর্থাৎ এ অর্থবছরে মোট ১৮ হাজার ৬৮৫ কোটি টাকার বিদেশি ঋণ আসবে। এর মধ্য থেকে ৫ হাজার ৬২৭ কোটি টাকা চলে যাবে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে।
গত বাজেটে ১৫ হাজার ৯৬৮ কোটি টাকার বিদেশি ঋণ আসবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো। কিন্তু অর্থবছর শেষে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১০ হাজার ৯২০ কোটি টাকায় নামিয়ে আনা হয়।
বিনিয়োগের খারাপ অবস্থার কথা স্বীকার করে মুহিত বলেন, "অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের একটাই সমস্যা। আর তা হচ্ছে বিনিয়োগ। আর এই বিনিয়োগ নিয়েই আমি চিন্তিত। বিনিয়োগের যে চাহিদা আছে- সেটা আমরা পূরণ করতে পারছি না। গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো সমস্যার কারণে দেশে কাক্সিক্ষত বিনিয়োগ হচ্ছে না।"
সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) গতিও মন্থর স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, "আমাদের এফডিআই প্রবাহ বাড়াতে হবে। তবে একটি বিষয় সত্যি যে দেশি বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না।"
এ দুই বিনিয়োগ বাড়ানোর দিকেই জোর দিতে হবে, বলেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24